ভুল জিমন্যাসিয়ামে পাকিস্তানের ভলিবল দল!
এশিয়ান গেমসের মাঝপথ পেরিয়েও অব্যবস্থা নিয়ে অভিযোগ থামছে না। এ বার সমস্যায় পড়ল পাকিস্তানের ভলিবল দল। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাওয়ার সময় আয়োজকদের বাস তাঁদের নিয়ে পৌঁছে গেল ভুল জিমন্যাসিয়ামে। শেষ মুহূর্তে সঠিক জায়গায় পৌঁছতে গিয়ে রীতিমতো হেনস্থার মুখে পড়তে হয় খেলোয়াড়দের।
পাকিস্তানের ভলিবল অধিনায়ক মুরাদ জাহান সমাজমাধ্যমে এই ঘটনার কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, বাসচালকই জানতেন না দলকে কোথায় নিয়ে যেতে হবে। শুরু থেকেই বাস ভুল পথে চলতে শুরু করে। পরে ভুল বুঝতে পারলেও তখন ম্যাচ শুরু হতে বেশি সময় বাকি ছিল না। কোনও রকমে খেলা শুরুর কিছু আগে দলকে সঠিক জিমন্যাসিয়ামে পৌঁছে দেওয়া হয়।
মুরাদ লেখেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন পরিস্থিতি অত্যন্ত বিরক্তিকর। তাঁর বক্তব্য, জাপানের মতো আয়োজক দেশের কাছ থেকে এমন অব্যবস্থা তাঁরা আশা করেননি। ভবিষ্যতে যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই আশাও প্রকাশ করেছেন তিনি।
শুধু যাতায়াত নয়, খাবার নিয়েও সমস্যার অভিযোগ তুলেছেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর দাবি, অনুশীলন শেষ করে রাতে খাবার খেতে গিয়ে অনেক সময় পর্যাপ্ত খাবার পাওয়া যাচ্ছে না। কখনও প্রয়োজনীয় খাবার থাকে না, আবার কখনও খাবার পাওয়াই যাচ্ছে না। বিষয়টি আয়োজকদের জানানো হলেও এখনও পর্যন্ত তাঁদের অভিযোগের কোনও ইতিবাচক সমাধান হয়নি বলে দাবি মুরাদের।
নাগোয়া এশিয়ান গেমসে ব্যবস্থাপনা নিয়ে এর আগেও দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, উজ়বেকিস্তান এবং ভারত-সহ কয়েকটি দেশের অসন্তোষের কথা সামনে এসেছে। বিশেষ করে থাকা এবং যাতায়াতের ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ উঠেছে।
নাগোয়া গেমস কর্তৃপক্ষের বক্তব্য, শেষ মুহূর্তে প্রত্যাশার তুলনায় প্রায় ২০০০ জন অতিরিক্ত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ চলে আসায় কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। আগাম তৈরি করা ব্যবস্থাগুলি সর্বত্র প্রত্যাশামতো কাজ করছে না। পরিস্থিতি যতটা সম্ভব দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আয়োজকরা।
তবে যাবতীয় সমস্যার মধ্যেও কোর্টে সাফল্য পেয়েছে পাকিস্তান। ভুল জায়গায় পৌঁছে ম্যাচের আগে সময়ের চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত উজ়বেকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে মুরাদের দল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।