ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিবাদের পর ৩-০ জয় আয়ারল্যান্ডের!
ভারত-পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক উত্তেজনার প্রভাব মাঠের আচরণে দেখা গিয়েছে একাধিক বার। এ বার তেমনই এক দৃশ্য দেখা গেল উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইজ়রায়েলের ম্যাচে। গাজ়া সংঘাতকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে ইজ়রায়েলের ফুটবলারদের সঙ্গে করমর্দন করলেন না আইরিশ খেলোয়াড়েরা। শুধু তাই নয়, কালো বাহুবন্ধনী পরে এবং ইজ়রায়েলের জাতীয় সঙ্গীতের সময় মাথা নিচু রেখেও প্রতিবাদ জানান তাঁরা। ম্যাচে অবশ্য ৩-০ জিতেছে আয়ারল্যান্ড।
ডেব্রেসেনের নাগিয়েরদেই স্টেডিয়ামে ম্যাচটি হয়। ইজ়রায়েলের ‘হোম ম্যাচ’ হলেও নিরাপত্তাজনিত কারণে হাঙ্গেরির এই নিরপেক্ষ মাঠে খেলা হয়েছিল। গ্যালারিও ছিল প্রায় ফাঁকা। মাঠে নামার আগে আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা কালো বাহুবন্ধনী পরেছিলেন। ইজ়রায়েলের জাতীয় সঙ্গীত চলার সময় তাঁরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। এরপর প্রথাগত করমর্দমও হয়নি। আইরিশ অধিনায়ক দারা ও’শেয়া ইজ়রায়েলের অধিনায়ক মানোর সলোমনের সঙ্গে হাত মেলাননি। দুই দলের মধ্যে স্মারক বিনিময়ও হয়নি।
এই ম্যাচ ঘিরে আয়ারল্যান্ডে আগে থেকেই তীব্র বিতর্ক ছিল। খেলাটি বয়কটের দাবিও উঠেছিল। শেষ পর্যন্ত দল মাঠে নামার সিদ্ধান্ত নেয়। গোলরক্ষক গ্যাভিন বাজুনু অবশ্য দুই ইজ়রায়েল ম্যাচ থেকেই সরে দাঁড়ান। তিনি জানান, নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত।
মাঠে প্রতিবাদের পাশাপাশি আয়ারল্যান্ড শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ১৩ মিনিটে ট্রয় প্যারট গোল করে দলকে এগিয়ে দেন। মাত্র তিন মিনিট পর ব্যবধান বাড়ান অ্যাডাম ইধা। ২৫ মিনিটে জ্যাক ময়লান তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধেই ৩-০ হয়ে যায় ম্যাচের ফল।
তৃতীয় গোলের পর ময়লান নিজের কালো বাহুবন্ধনীতে চুমু খান, পরে জার্সিতে থাকা আয়ারল্যান্ডের প্রতীকের দিকেও ইঙ্গিত করেন। ম্যাচের পরেও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের সেই প্রতিবাদের ছবি আলোচনায় থাকে।
এই জয়ের ফলে নেশনস লিগে আয়ারল্যান্ড প্রথম জয় পেল। এর আগে গ্রুপ বি৩-তে তাদের প্রথম ম্যাচে কসোভোর কাছে ০-১ গোলে হারতে হয়েছিল। ইজ়রায়েলের বিরুদ্ধে ফিরতি ম্যাচটি ৪ অক্টোবর সার্বিয়ার বাকা তোপোলায় আয়ারল্যান্ডের ‘হোম’ ম্যাচ হিসেবে হওয়ার কথা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।