তিব্বত সীমান্তের কাছে হিমলাংয়ে তুষারধস!
নেপালে ফের বড় বিপর্যয়। তিব্বত সীমান্তের কাছে মানাং জেলার নার ফু এলাকায় ৭,১২৬ মিটার উঁচু হিমলাং হিমল পর্বতের বেস ক্যাম্পে রবিবার সকালে তুষারধস নামে। প্রাথমিক ভাবে অন্তত ১০ জন পর্বতারোহী ও সহায়ক কর্মীর খোঁজ মিলছে না বলে জানিয়েছিল নেপালের পর্যটন ও পর্বতারোহণ কর্তৃপক্ষ। পরে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর এসেছে।
হিমলাং হিমল উচ্চতাজয়ী পর্বতারোহীদের কাছে পরিচিত একটি শৃঙ্গ। তুষারধসের সময় সেখানে বিভিন্ন অভিযানের প্রস্তুতি চলছিল। নিখোঁজদের মধ্যে পর্বতারোহীদের পাশাপাশি অভিযানের সহায়ক কর্মী এবং রান্নার দায়িত্বে থাকা কর্মীরাও রয়েছেন বলে জানা গিয়েছে।
‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-এর সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে দু’জন ‘ইম্যাজিন নেপাল প্রাইভেট লিমিটেড’-এর এবং আট জন ‘হিমালয়ান হলিডেজ নেপাল’-এর সঙ্গে যুক্ত ছিলেন।
নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং নিখোঁজদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চলছে। তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে। হিমলাং এলাকায় হেলিকপ্টার নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অনুমতির প্রয়োজন হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
গত কয়েক দিন ধরেই নেপালের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টি, বজ্রঝড়, প্রবল হাওয়া এবং উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়ে পর্বতারোহী ও ট্রেকারদের সতর্ক করেছিল নেপালের পর্যটন দফতর।
অভিযান আয়োজকদের বক্তব্য, খারাপ আবহাওয়ার সতর্কবার্তার পর বেশ কিছু পর্বতারোহী ও রোপ-ফিক্সিং দলের সদস্য নিরাপদ জায়গায় নেমে এসেছিলেন। তবে কয়েক জন বেস ক্যাম্পে থেকে গিয়েছিলেন। রবিবার সকালের তুষারধসে তাঁদেরই অনেকে নিখোঁজ হন বলে জানিয়েছেন অভিযানের সঙ্গে যুক্ত মিংমা গিয়ালজে শেরপা।
এই বিপর্যয়ের জেরে হিমলাং এলাকায় উদ্ধারকাজই এখন প্রধান লক্ষ্য। আবহাওয়া কিছুটা অনুকূল না হওয়া পর্যন্ত আকাশপথে উদ্ধার অভিযান কতটা সম্ভব হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
নেপালের পাহাড়ি এলাকায় চলতি সপ্তাহের প্রতিকূল আবহাওয়া ইতিমধ্যেই একাধিক রাস্তা ও ট্রেকিং রুটে প্রভাব ফেলেছে। একই সময়ে দেশের বিভিন্ন অংশে বন্যা ও ধসের ঘটনাও ঘটছে। ফলে নতুন করে তুষারধসের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।