‘বারাণসী’র ঘোষণায় নেপথ্যে কী হয়েছিল?
বড় ছবি, বড় আয়োজন। মঞ্চে একসঙ্গে মহেশবাবু, প্রিয়ঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন। সামনে দেশ-বিদেশের সংবাদমাধ্যম। এমন একটি অনুষ্ঠানে সামান্য ভুলও যে বড় সমস্যার কারণ হতে পারে, তা টের পেয়েছিল ‘বারাণসী’ ছবির গোটা দল। ছবির নাম ঘোষণার ঠিক আগে প্রযুক্তিগত সমস্যায় কার্যত অচল হয়ে পড়েছিল অনুষ্ঠান। পরিস্থিতি সামলাতে গিয়ে নাকি প্রায় কেঁদেই ফেলতে বসেছিলেন প্রযোজক এসএস কার্তিকেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাজামৌলীর ছেলে কার্তিকেয়। তাঁর কথায়, অনুষ্ঠানের সময় মঞ্চের নেপথ্যে পরিস্থিতি ছিল কার্যত ‘যুদ্ধকালীন’। তবে কোনও নির্দিষ্ট ব্যক্তির ভুলের কারণে এই সমস্যা হয়নি বলেও তিনি জানিয়েছেন।
কার্তিকেয়ের ব্যাখ্যা, অনুষ্ঠানের আগে প্রযুক্তিগত ব্যবস্থাগুলি ঠিক ভাবে পরীক্ষা করে নেওয়ার সুযোগই তাঁরা পাননি। আগের রাত পর্যন্ত এলাকায় ড্রোন উড়ছিল। ফলে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা করা সম্ভব হয়নি। যদিও তাঁদের প্রযুক্তিগত দল যথেষ্ট দক্ষ ছিল বলেই দাবি কার্তিকেয়ের। মূল সমস্যা তৈরি হয়েছিল আগে থেকে সব কিছু পরীক্ষা করে নেওয়ার সুযোগ না পাওয়ায়।
সবচেয়ে উদ্বেগের মুহূর্ত আসে ভিডিয়ো চালানোর সময়। একাধিক বার চেষ্টা করার পরও সমস্যা হচ্ছিল। অবশেষে তৃতীয় বার ভিডিয়োটি ঠিক ভাবে চলতে শুরু করলে স্বস্তি ফেরে অনুষ্ঠানে। কিন্তু তখন আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি কার্তিকেয়। তাঁর কথায়, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে তাঁর কেঁদে ফেলতে ইচ্ছে করছিল। রাগ, উদ্বেগ এবং আবেগ—সব মিলিয়ে নিজেকেই সামলানো কঠিন হয়ে পড়েছিল।
শুধু কার্তিকেয় নন, গোটা টিমের উপরই সেই চাপের প্রভাব পড়েছিল। রাজামৌলীর স্ত্রী রমা-সহ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কার্তিকেয়ের নিজেরও চোখে জল চলে এসেছিল। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি মজা করে তুলনা করেন, যেন তাঁরা কোনও সিনেমার নাম ঘোষণা করছেন না, ইসরোর রকেট উৎক্ষেপণ করছেন!
মঞ্চে ওঠার পর রাজামৌলীর গলাতেও উদ্বেগের ছাপ ছিল বলে জানিয়েছেন কার্তিকেয়। অন্য দিকে, মহেশবাবুর স্ত্রী নম্রতা শিরোডকরও সেই সময় প্রার্থনা করছিলেন বলে তাঁর দাবি।
শেষ পর্যন্ত প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে সফল ভাবেই ‘বারাণসী’-র নাম ঘোষণা করা হয়। কিন্তু ছবির মহা-উন্মোচনের আগের সেই কয়েক মিনিটের উত্তেজনা ছবির টিমের কাছে দীর্ঘ দিন মনে থাকার মতো অভিজ্ঞতা হয়ে রইল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।