লক্ষ্মীবারে ১,২৪৭ পয়েন্ট পড়ল সেনসেক্স!!
উৎসবের মরসুমের আগে ফের বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ারবাজার। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর লেনদেনের শুরু থেকেই সূচকগুলিতে চাপ ছিল। দিনের শেষে সেনসেক্স ১,২৪৭.৭১ পয়েন্ট বা ১.৬৭ শতাংশ পড়ে থামল ৭৩,৫৮০.৫৪-তে। নিফটি-৫০-ও ৩৮৩.৭০ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ নেমে ২৩,০৬৩.১০-এ শেষ হয়েছে।
দিনের একটা বড় সময়জুড়েই আর্থিক ও বিমা সংস্থার শেয়ারে ব্যাপক বিক্রি দেখা যায়। এর নেপথ্যে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএআই-এর (IRDAI) নতুন প্রস্তাব। বিমা বিতরণ ব্যবস্থার অর্থনীতি বদলাতে কমিশন কাঠামো, সংস্থাগুলির খরচের সীমা এবং গ্রাহকদের কাছে বিমা বিক্রির পদ্ধতি নিয়ে একাধিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নিয়ন্ত্রক।
কমিশন কমার আশঙ্কা কেন?
আইআরডিএআই-এর প্রস্তাবে বিভিন্ন ধরনের বিমা পণ্যের ক্ষেত্রে কমিশন ও বিতরণ-সংক্রান্ত খরচের কাঠামো নতুন করে নির্ধারণের কথা বলা হয়েছে। কিছু ক্ষেত্রে কমিশন সীমাবদ্ধ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিমা সংস্থাগুলির ‘এক্সপেন্স অব ম্যানেজমেন্ট’ বা EoM-এর সীমাও ধাপে ধাপে কমানোর কথা বলা হয়েছে। এই পরিবর্তন কার্যকর হলে বিমা বিক্রির সঙ্গে যুক্ত সংস্থা ও প্ল্যাটফর্মগুলির আয়ের উপর চাপ পড়তে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে বাজারে।
প্রস্তাব প্রকাশের পরই বিমা এবং বিমা-বিতরণকারী সংস্থার শেয়ারে ব্যাপক বিক্রি শুরু হয়। PB Fintech দিনের লেনদেনে প্রায় ২৬ শতাংশ পর্যন্ত পড়ে যায় বলে বাজার-রিপোর্টে উল্লেখ করা হয়েছে। Max Financial Services, HDFC Life এবং ICICI Prudential Life-সহ একাধিক সংস্থার শেয়ারও চাপে ছিল।
এর প্রভাব ছড়িয়ে পড়ে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক সংস্থার শেয়ারেও। কারণ, বহু ব্যাঙ্ক ও ঋণদাতা সংস্থার ব্যবসার সঙ্গে বিমা বিতরণের যোগ রয়েছে। ফলে নিয়ন্ত্রকের প্রস্তাবকে ঘিরে ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
শুধু বিমাই নয়, চাপ ছিল আরও কয়েক দিক থেকে
বৃহস্পতিবারের পতনের একমাত্র কারণ বিমা-সংক্রান্ত প্রস্তাব নয়। আন্তর্জাতিক বাজারের দুর্বলতা, অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের উপরে ওঠা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাও বাজারের উপর চাপ বাড়িয়েছে। আর্থিক খাতের পাশাপাশি অন্যান্য বড় সংস্থার শেয়ারেও বিক্রির চাপ দেখা যায়।
দিনের শেষে বাজারের পতন ছিল যথেষ্ট বিস্তৃত। ১৬টি প্রধান সেক্টরাল সূচকের মধ্যে ১৪টিই নিম্নমুখী ছিল। ফলে একদিকে নিয়ন্ত্রক সংস্থার নতুন প্রস্তাব নিয়ে বিমা খাতে অনিশ্চয়তা, অন্য দিকে আন্তর্জাতিক বাজার ও তেলের দামের চাপ—দুই মিলিয়েই বৃহস্পতিবারের বড় পতন আরও তীব্র হয়েছে।
আইআরডিএআই-এর প্রস্তাবটি এখনও চূড়ান্ত নিয়ম নয়। প্রস্তাবিত পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত চাওয়া হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের পরেই বোঝা যাবে কমিশন ও বিতরণ-ব্যবস্থায় ঠিক কতটা পরিবর্তন কার্যকর হবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।