বিগ বসের ঘরে ভরতকে দেখে কী বললেন স্ত্রী জয়শ্রী?
‘বিগ বস্ বাংলা’-র ঘরে ভরত কলের দিন কাটছে নানা ওঠাপড়ার মধ্যে। কখনও তাঁর খেলা নিয়ে আলোচনা, কখনও আবার কোনও মন্তব্য বা আচরণ ঘিরে বিতর্ক। বাইরে থেকে স্বামীর এই সফর দেখছেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। ভরতের খেলা নিয়ে তাঁর যেমন উদ্বেগ রয়েছে, তেমনই রয়েছে আস্থা। বিশেষ করে স্বামীর শরীর এবং খাওয়াদাওয়া নিয়ে চিন্তিত জয়শ্রী।
ভরত অসুস্থ হয়ে পড়ার একটি ঘটনা তাঁকে বেশ ভাবিয়েছে। জয়শ্রী জানালেন, সেই দৃশ্য দেখে তাঁদের মেয়েও কেঁদে ফেলেছিল। তাঁর কথায়, “মিস্ করছি। আগের দিন ও অসুস্থ হয়ে পড়েছিল। সেটা দেখে মেয়ে কান্নাকাটি শুরু করে। বাবার শরীর খারাপ হল বলে।”
শুধু ভরতের শারীরিক পরিস্থিতিই নয়, সমাজমাধ্যমে তাঁকে নিয়ে দর্শকদের নানা মন্তব্যও জয়শ্রীর মন খারাপের কারণ হয়ে উঠেছে। তাঁর বক্তব্য, বিগ বসের ঘরে বিভিন্ন পরিস্থিতির পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে কখনও কখনও তাঁর খারাপ লাগে। কেন ভরতকে নিয়ে এমন মন্তব্য করা হচ্ছে, সেটাও বুঝতে পারেন না তিনি।
তবে তা বলে ভরতকে ‘বিগ বস্’-এ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই জয়শ্রীর। বরং তাঁর মতে, এমন সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ছিল না। অনেক ভেবেচিন্তেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘বিগ বস্’-এর মতো জায়গায় গিয়ে নিজেকে অন্য ভাবে তুলে ধরার সুযোগ ভরতের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি।
ভরতের খেলায় এখনও পর্যন্ত একটি জায়গায় অবশ্য আপত্তি রয়েছে জয়শ্রীর। শুরুর দিকে আর এক প্রতিযোগী তনুশ্রীর সঙ্গে ভরত যে ভাবে আচরণ করেছিলেন, সেটিকে ঠিক মনে হয়নি তাঁর। তবে সেই একটি ঘটনা দিয়ে স্বামীর পুরো খেলাকে বিচার করতে চান না জয়শ্রী।
বরং এখন ভরতের খেলা দেখে অনেকটাই নিশ্চিন্ত তিনি। জয়শ্রীর কথায়, এখন যে ভাবে ভরত খেলছেন, তাতে তাঁর মনে হচ্ছে স্বামী সঠিক দিকেই এগোচ্ছেন। প্রতিযোগিতার চাপ সামলে ভরত নিজের মতো করে খেলতে পারবেন বলেই বিশ্বাস তাঁর।
তবে একটা বিষয় নিয়ে এখনও চিন্তা কাটছে না—খাবার। বিগ বসের ঘরে প্রতিযোগীদের জন্য খাবারের পরিমাণ দেখে জয়শ্রীর বেশ খারাপ লেগেছে। বিশেষ করে মাথাপিছু দেড় পিস করে চিকেন দেওয়ার বিষয়টি তাঁর নজর এড়ায়নি। ভরতের মতো একজনের জন্য এতটা খাবার যথেষ্ট কি না, তা নিয়েই চিন্তিত তিনি।
সব উদ্বেগের পরেও জয়শ্রী জানেন, ‘বিগ বস্’ শেষ পর্যন্ত একটি প্রতিযোগিতামূলক খেলা। তাই বাইরে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। তাঁর বিশ্বাস, অন্য প্রতিযোগীরা যেমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন, ভরতও পারবেন। স্বামীকে মিস করলেও তাই আপাতত ভরতের উপরেই ভরসা রাখছেন জয়শ্রী।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।