উত্তর আন্দামান সাগরে ফের নিম্নচাপ!
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও বৃষ্টি হয়েছে ভারী, আবার কোথাও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। তবে সপ্তাহান্তেও আবহাওয়ার বিশেষ উন্নতি হচ্ছে না। বরং উত্তর আন্দামান সাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় শনিবারও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর তাইল্যান্ডের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর আন্দামান সাগরের দিকে সরে যাচ্ছে। তার প্রভাবেই শনিবার সন্ধ্যার দিকে উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী তিন থেকে চার দিনে সেটি সমুদ্রের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা।
শনি ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও সব এলাকায় একসঙ্গে বৃষ্টি হবে না। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে।
তবে সোমবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। সোমবারের পর আর সতর্কতা জারি করার মতো পরিস্থিতি থাকবে না বলেই পূর্বাভাস।
এর পর সপ্তাহের মাঝামাঝি ফের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এই দুই জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। সেখানে এখনও সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পাশাপাশি সিকিম এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে শনিবার উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে অবশ্য রবিবার থেকে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তখন সতর্কতা জারি করার মতো পরিস্থিতি থাকবে না। তবে সপ্তাহের শেষে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
অর্থাৎ, আপাতত বর্ষার বিদায় নেওয়ার কোনও স্পষ্ট লক্ষণ নেই। দক্ষিণবঙ্গে শনিবার-রবিবার ঝড়বৃষ্টি, সোমবার থেকে কিছুটা স্বস্তি এবং সপ্তাহের মাঝামাঝি কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা—এই তিন ধাপেই এগোতে পারে রাজ্যের আবহাওয়া।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।