এশিয়ান গেমসের আগেই বিপাকে ভারতীয় রোয়িং দল
এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই অব্যবস্থার অভিযোগ উঠল জাপানের নাগোয়ায়। সমস্যায় পড়েছে ভারতের রোয়িং দল। অভিযোগ, শহরে পৌঁছনোর পর থাকার ঘর পেতে প্রায় আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁদের। তার পরেও সকলের জন্য একসঙ্গে থাকার ব্যবস্থা করা যায়নি। কয়েক জন ভারতীয় রোয়িং সদস্যকে থাকতে হয়েছে হংকঙের জন্য নির্দিষ্ট তাঁবুতে। এমনকি খাবারের ব্যবস্থাও ঠিকঠাক না থাকায় নিজেদের পকেট থেকে টাকা খরচ করে খাবার কিনতে হয়েছে বলে অভিযোগ।
রোয়িং দলের সঙ্গে যাওয়া কর্তারা ইতিমধ্যেই এশিয়ান গেমস কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বড় প্রতিযোগিতায় নামার আগে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু থাকার ঘর পাওয়ার জন্যই যদি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, তা হলে প্রস্তুতিতে তার প্রভাব পড়তে পারে। এই ধরনের পরিস্থিতি এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাম্য নয় বলেই অভিযোগ তাঁদের।
সমস্যা শুধু দেরিতে ঘর পাওয়াতেই সীমাবদ্ধ থাকেনি। অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পর জানা যায় যে রোয়িং দলের কয়েক জনের থাকার ব্যবস্থা হয়েছে হংকঙের তাঁবুতে। সাধারণত এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস বা অলিম্পিক্সের মতো বড় প্রতিযোগিতায় প্রতিটি দেশের খেলোয়াড় ও দলের সদস্যদের জন্য আলাদা থাকার ব্যবস্থা থাকে। কিন্তু নাগোয়ায় সেই নিয়ম মেনে ব্যবস্থা করা যায়নি বলে অভিযোগ ভারতীয় দলের।
দলের সঙ্গে থাকা প্রত্যেক খেলোয়াড়, কোচ এবং কর্তাকে রাখার মতো পর্যাপ্ত জায়গা তৈরি হয়নি বলেও অভিযোগ উঠেছে। রোয়িং দলের ম্যানেজারকে আবার প্রায় ২০ কিলোমিটার দূরের একটি হোটেলে থাকতে হচ্ছে বলে দাবি করা হয়েছে। ফলে দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং যাতায়াত নিয়েও বাড়তি সমস্যা তৈরি হতে পারে।
খাবারের ব্যবস্থাও প্রশ্নের মুখে। অভিযোগ, নির্ধারিত খাবার না পেয়ে নাগোয়ার একটি সুপারমার্কেট থেকে খাবার কিনে আনতে হয়েছে দলের ম্যানেজারকে। সেই খাবারই খেয়েছেন ভারতীয় রোয়িং দলের সদস্যেরা। কেন আগে থেকেই খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়নি, সেই প্রশ্নও উঠেছে। একই সঙ্গে দলের তরফে জানতে চাওয়া হয়েছে, এমন পরিস্থিতিতে ভারতীয় ‘শেফ দ্য মিশন’ বা ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রতিনিধিরা কোথায় ছিলেন।
ভারতই অবশ্য একমাত্র দল নয়, একই ধরনের সমস্যায় পড়েছে তাইল্যান্ডও বলে জানিয়েছেন রোয়িং দলের ম্যানেজার। এখনও সব দেশের খেলোয়াড় নাগোয়ায় পৌঁছননি। ফলে পরিস্থিতি আরও কতটা বদলায়, সে দিকেও নজর রয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় রোয়িং দলের উপর প্রত্যাশা কম নয়। ২০২২ সালের এশিয়ান গেমসে ভারতের রোয়িং দল পাঁচটি পদক জিতেছিল। এ বারও পদকের আশায় রয়েছে দল। কিন্তু প্রতিযোগিতায় নামার আগেই থাকার জায়গা, বিশ্রাম এবং খাবার নিয়ে এমন সমস্যার মুখে পড়ায় প্রস্তুতি কতটা প্রভাবিত হয়, সেটিই এখন বড় প্রশ্ন। রোয়িং দলের ম্যানেজারের কথায়, তাঁর একটাই প্রার্থনা—আর কোনও দল যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।