সচিনের বিশ্বরেকর্ড ছাপিয়ে গেলেন টেলর!
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের দীর্ঘ দিনের একটি বিশ্বরেকর্ড ভেঙে দিলেন জ়িম্বাবোয়ের ব্রেন্ডন টেলর। ৪০ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটার মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারারেতে প্রথম এক দিনের ম্যাচে নামার সঙ্গে সঙ্গেই তৈরি করলেন নতুন নজির।
এত দিন সবচেয়ে দীর্ঘ সময় ধরে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ডটি ছিল সচিনের দখলে। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। শেষ ম্যাচও খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধেই, ২০১২ সালের ১৮ মার্চ। অর্থাৎ মোট ২২ বছর ৩ মাস এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ভারতের কিংবদন্তি।
এ বার সেই রেকর্ড নিজের দখলে নিলেন টেলর। জ়িম্বাবোয়ের হয়ে ২০০৪ সালের ২০ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়েছিল তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবার মাঠে নামার সঙ্গে তাঁর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটজীবন ২২ বছর ৪ মাসে পা দিয়েছে। ফলে সচিনকে পিছনে ফেলে দীর্ঘতম ওয়ান ডে কেরিয়ারের নতুন রেকর্ড গড়লেন তিনি।
টেলরের নিজের কেরিয়ারও যথেষ্ট সমৃদ্ধ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি ছিল তাঁর ২০৮তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। জ়িম্বাবোয়ের হয়ে ওয়ান ডেতে সবচেয়ে বেশি শতরানের তালিকাতেও টেলর শীর্ষে। দেশের হয়ে এখনও পর্যন্ত ১১টি শতরান করেছেন তিনি।
শুধু ওয়ান ডে নয়, জ়িম্বাবোয়ের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলেছেন টেলর। ৩৭টি টেস্ট এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে। দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
অন্য দিকে, সচিনের ওয়ান ডে কেরিয়ারের পরিসরও ছিল অসাধারণ। ভারতীয় কিংবদন্তি মোট ৪৬৩টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও ম্যাচের সংখ্যায় টেলরের সঙ্গে তাঁর কোনও তুলনাই চলে না, দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সক্রিয় থাকার নজিরে এ বার সচিনকে ছাপিয়ে গেলেন জ়িম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক।
৪০ বছর বয়সেও আন্তর্জাতিক ক্রিকেটে টেলরের এই উপস্থিতি তাই আলাদা করে নজর কেড়েছে। সচিনের মতো কিংবদন্তির রেকর্ড নিজের নামে করে জ়িম্বাবোয়ের ক্রিকেট ইতিহাসেও আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করলেন তিনি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।