কোহলির সংস্থার জুতো পরেই এশিয়া কাপে
বিরাট কোহলির জনপ্রিয়তা যে সীমান্তের গণ্ডি মানে না, তা আরও এক বার চোখে পড়ল এশিয়া কাপে। পাকিস্তানের দুই মহিলা ক্রিকেটারকে কোহলির সংস্থা ‘ওয়ান৮’-এর জুতো পরে মাঠে নামতে দেখা গেল। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে নাশরা সান্ধু এবং এইমান ফাতিমার পায়ে ওই জুতো নজরে আসতেই ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
কোহলির ব্র্যান্ড ‘ওয়ান৮’ মূলত খেলাধুলোর পোশাক, জুতো এবং বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম তৈরি করে। সেই সংস্থার অন্যতম মালিক কোহলি নিজেও নিয়মিত এই ব্র্যান্ডের পোশাক ও জুতো ব্যবহার করেন। জানা গিয়েছে, সংস্থাটিতে প্রায় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক।
সোমবার হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচে নাশরা এবং এইমানকে ‘ওয়ান৮’-এর জুতো পরে খেলতে দেখা যায়। বিষয়টি সামনে আসার পরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অতীতে পাকিস্তানের কোনও ক্রিকেটারকে কোহলির সংস্থার জুতো পরে আন্তর্জাতিক ম্যাচে দেখা গিয়েছিল কি না, তা নিয়েও সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
তবে ম্যাচের আসল চমক ছিল নাশরার বোলিং। হংকংয়ের ব্যাটিংকে কার্যত একাই গুঁড়িয়ে দেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার। চার ওভারে মাত্র সাত রান দিয়ে ছ’টি উইকেট নেন তিনি। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। নাশরার ঘূর্ণির সামনে হংকং মাত্র ৭১ রানে অলআউট হয়ে যায়।
জবাবে ৭২ রানের লক্ষ্য তাড়া করতে পাকিস্তানের বেশি সময় লাগেনি। সাত উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। ফলে ভারতের কাছে বড় হারের ধাক্কা সামলে এশিয়া কাপে আবার ঘুরে দাঁড়াল পাকিস্তান।
এর আগে অবশ্য প্রতিযোগিতায় পাকিস্তানের শুরুটা খুব একটা স্বস্তির ছিল না। তাইল্যান্ডকে হারানোর পর ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারে তারা। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত সাত উইকেটে সেই ম্যাচ জিতে নেয়।
শুধু দলের পারফরম্যান্স নয়, সেই ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাও শাস্তির মুখে পড়েন। ভারতীয় ব্যাটার শেফালি বর্মাকে আউট করার পর অশোভন ইঙ্গিত করার অভিযোগে তাঁকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
সব মিলিয়ে এশিয়া কাপে পাকিস্তানের লড়াই যেমন চর্চায়, তেমনই কোহলির ব্র্যান্ডের জুতো পরে তাদের দুই ক্রিকেটারের মাঠে নামার ছবিও ক্রিকেটমহলে আলাদা নজর কেড়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।