নিউ মার্কেট-তারাপীঠে পর পর অগ্নিকাণ্ড, দমকলে বড় রদবদল! ক্যামাক স্ট্রিট অভিযানের আধিকারিকও পেলেন নতুন দায়িত্ব

নিউ মার্কেট-তারাপীঠে পর পর অগ্নিকাণ্ড! পর পর দু’টি বড় অগ্নিকাণ্ডের পর দমকল দফতরে একসঙ্গে একাধিক আধিকারিককে বদলি করা হল। নিউ মার্কেট এবং বীরভূমের তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট দুই দমকল…

September 2, 2026
1 min read

নিউ মার্কেট-তারাপীঠে পর পর অগ্নিকাণ্ড!

পর পর দু’টি বড় অগ্নিকাণ্ডের পর দমকল দফতরে একসঙ্গে একাধিক আধিকারিককে বদলি করা হল। নিউ মার্কেট এবং বীরভূমের তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট দুই দমকল বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসার (ডিএফও)-কে সরিয়ে নতুন আধিকারিক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে, সম্প্রতি ক্যামাক স্ট্রিটে ফায়ার অডিটের সময় দমকলের দলকে নেতৃত্ব দেওয়া এক আধিকারিককেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ১৭ জন ডিএফও-কে বদলি করা হয়েছে। দক্ষিণ কলকাতা বিভাগের ডিএফও পদে এত দিন ছিলেন শুভঙ্কর ঘোষ। তাঁকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে নিহাররঞ্জন রায়কে। তিনি এত দিন উত্তর ২৪ পরগনা বিভাগের ডিএফও ছিলেন।

অন্য দিকে, বীরভূম বিভাগের ডিএফও অরিন্দম দেবনাথকে বদলি করে বাঁকুড়া বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বীরভূমের নতুন ডিএফও হচ্ছেন শ্যামসুন্দর দে। তিনি এত দিন বাঁকুড়া বিভাগের দায়িত্বে ছিলেন।

এই বদলির তালিকায় দক্ষিণ কলকাতা এবং বীরভূম—দুই বিভাগই বিশেষ নজরে এসেছে। কারণ, সম্প্রতি এই দুই বিভাগের অধীন এলাকায় দু’টি বড় হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হয় ৯ জনের। মৃতদের মধ্যে বাংলাদেশের নাগরিকও ছিলেন। অন্য দিকে, তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে আগুনে দুই শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়েছিল।

দু’টি ঘটনাই রাজ্য জুড়ে আলোড়ন তৈরি করেছিল। বিশেষ করে নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ক্ষেত্রে ঘটনাস্থলটি দমকল কেন্দ্রের খুব কাছেই হওয়ায় প্রশ্ন উঠেছিল দমকলের প্রস্তুতি এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে। সেই আবহেই সংশ্লিষ্ট বিভাগগুলিতে ডিএফও স্তরে এই রদবদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও প্রশাসনিক সূত্রের দাবি, পুরো বিষয়টিই নিয়মমাফিক প্রশাসনিক রদবদলের অংশ।

এর পাশাপাশি, ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর ঠিকানায় সাম্প্রতিক ফায়ার অডিটে নেতৃত্ব দেওয়া আধিকারিক সরোজকুমার বাগকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশকে সঙ্গে নিয়ে ওই ভবনে দমকলের দল অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে। ভবনে কোথাও নিয়মের গলদ রয়েছে কি না, তা-ও পরীক্ষা করা হয়। ওই ভবনেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস।

ফায়ার প্রিভেনশন-১-এর ডিএফও পদে থাকা সরোজকুমার বাগকে এ বার উত্তর কলকাতা বিভাগের ডিএফও করা হয়েছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, তাঁর এই বদলিও রুটিন প্রশাসনিক সিদ্ধান্তের অংশ।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *