ফ্রিজে রেখেই পনির শক্ত কাঠ?
বাড়িতে পনিরের নানা পদ রান্না করেন? তাই বাজার থেকে একসঙ্গে বেশি পনির কিনে ফ্রিজে তুলে রাখেন? কিন্তু দু’-এক দিন পর বের করতেই দেখেন, নরম পনির শক্ত হয়ে গিয়েছে। কখনও আবার তার গন্ধ বা স্বাদেও পরিবর্তন এসেছে। পনিরে জলীয় অংশ বেশি থাকায় ঠিক ভাবে সংরক্ষণ না করলে এমনটা হতেই পারে। তবে কয়েকটি সহজ নিয়ম মানলে বেশ কিছু দিন পনিরের নরমভাব ও আর্দ্রতা ধরে রাখা সম্ভব।
জলে ডুবিয়ে রাখুন
পনির নরম রাখার সবচেয়ে সহজ উপায় হল পরিষ্কার, ঢাকনাযুক্ত পাত্রে সেটি রেখে পুরোপুরি জলে ডুবিয়ে দেওয়া। তার পর পাত্রটি ভাল ভাবে বন্ধ করে ফ্রিজে রাখুন। এতে পনিরের আর্দ্রতা সহজে বেরিয়ে যেতে পারে না।
তবে পাত্রের জল নিয়মিত বদলাতে হবে। সাধারণত দু’দিন অন্তর জল বদলে দিলে ভাল। পনিরে কোনও অস্বাভাবিক গন্ধ বা পরিবর্তন দেখা দিলে অবশ্য তা ব্যবহার না করাই নিরাপদ।
খোলা অবস্থায় রাখবেন না
পনির কখনওই ফ্রিজে খোলা অবস্থায় রেখে দেওয়া উচিত নয়। ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে দ্রুত আর্দ্রতা হারিয়ে শক্ত হয়ে যেতে পারে। পাশাপাশি ফ্রিজের অন্য খাবারের গন্ধও পনিরে মিশে যেতে পারে।
পরিষ্কার কাচের বা অন্য কোনও খাবার রাখার উপযোগী বায়ুরোধী পাত্র ব্যবহার করতে পারেন। এতে পনির তুলনামূলক ভাবে সতেজ থাকে এবং বাইরের গন্ধও সহজে ঢুকতে পারে না।
বেশি দিন রাখতে হলে কী করবেন?
কয়েক সপ্তাহের জন্য পনির রাখতে হলে ছোট ছোট অংশে ভাগ করে ভাল ভাবে মুড়ে ফ্রিজ়ারে রাখা যায়। রান্নার প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা করে প্যাক করে রাখলে বার বার পুরো পনির বের করতে হয় না।
তবে ফ্রিজ়ারে রাখলে পনিরের গঠন কিছুটা বদলে যেতে পারে। তাই দীর্ঘ দিন সংরক্ষণের চেয়ে যত দ্রুত সম্ভব ব্যবহার করে নেওয়াই ভাল।
শক্ত হয়ে গেলে গরম জলে ভিজিয়ে নিন
ফ্রিজ থেকে বের করার পর পনির শক্ত মনে হলে রান্নার আগে কিছু ক্ষণ উষ্ণ জলে ভিজিয়ে রাখতে পারেন। এতে পনির কিছুটা নরম ও মোলায়েম হয়ে যায়। তবে খুব গরম জলে দীর্ঘ সময় ভিজিয়ে রাখবেন না, তাতে পনিরের গঠন আরও বদলে যেতে পারে।
নুন-জল নিয়ে সাবধান
নুন-জলে পনির রাখার পরামর্শ অনেক সময় দেওয়া হলেও, সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিচ্ছন্নতা এবং সঠিক তাপমাত্রা বজায় রাখা। শুধু নুন-জলে রাখলেই পনির দীর্ঘ দিন নিরাপদ থাকবে—এমন ধরে নেওয়া ঠিক নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, পনিরের গন্ধ, রং বা গঠন অস্বাভাবিক ভাবে বদলে গেলে সেটিকে শুধু জলে ভিজিয়ে বা রান্না করে খাওয়ার চেষ্টা করবেন না। এমন ক্ষেত্রে ফেলে দেওয়াই নিরাপদ। টাটকা পনির দ্রুত ব্যবহার করা এবং পরিষ্কার, ঢাকনাযুক্ত পাত্রে ঠান্ডা অবস্থায় সংরক্ষণ করাই ভাল উপায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।