বদ্ধ ঘরে ঘণ্টার পর ঘণ্টা জিম নয়!
বয়স ৪৬ হলেও নারগিস ফাখরীকে দেখে তা বোঝার উপায় নেই। ‘রকস্টার’ ও ‘ম্যাড্রাস ক্যাফে’-র অভিনেত্রী এখনও দারুণ ফিট। তবে তাঁর ফিটনেসের নেপথ্যে শুধু জিমে কঠিন শরীরচর্চা নয়, বরং খোলা আকাশের নীচে সাইক্লিংও বড় ভূমিকা নিচ্ছে।
সম্প্রতি নিজের ফিটনেস রুটিনের ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নারগিস। সেখানেই তিনি জানিয়েছেন, নিয়মিত সাইকেল চালিয়ে এক দিনে ২৪ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়েছেন। সমুদ্রের ধারের রাস্তায় পড়ন্ত বিকেলে সাইক্লিংয়ের ভিডিয়োও পোস্ট করেছেন অভিনেত্রী।
কেন সাইক্লিংয়ে ভরসা নারগিসের?
সাইক্লিং শুধু শরীরচর্চার মাধ্যম নয়, মন ভাল রাখতেও সাহায্য করতে পারে। খোলা জায়গায় সাইকেল চালানোর সময় শরীর পায় মুক্ত বাতাস ও প্রাকৃতিক আলো। ফলে দীর্ঘ সময় বদ্ধ জিমে শরীরচর্চার একঘেয়েমির বদলে মনও থাকে চনমনে। শারীরিক পরিশ্রমের ফলে এন্ডরফিন নিঃসরণও মেজাজ ভাল রাখতে সাহায্য করে।
হৃদ্যন্ত্র থেকে মস্তিষ্ক, উপকার অনেক
নিয়মিত সাইক্লিং কার্ডিয়োভাসকুলার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এতে শরীরে রক্তসঞ্চালন এবং অক্সিজেন সরবরাহ উন্নত হয়। নিয়মিত অভ্যাস রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক হতে পারে। একই সঙ্গে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় বলে মস্তিষ্কের কার্যকারিতার উপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
পায়ের পেশিও হয় শক্তিশালী
সাইকেলের প্যাডেল চালানোর ফলে মূলত পায়ের পেশির উপর চাপ পড়ে। চড়াই-উতরাই রাস্তায় সাইক্লিং করলে শরীরের অন্যান্য অংশের পেশিও সক্রিয় হয়। দৌড়ের তুলনায় সাইক্লিংয়ে হাড়ের সংযোগস্থলে তুলনামূলক কম চাপ পড়ে বলে অনেকের কাছে এটি আরামদায়ক শরীরচর্চার বিকল্প হতে পারে।
ওজন কমাতেও সহায়ক
সাইক্লিংয়ে শরীরের একাধিক অংশ সক্রিয় থাকে। ফলে নিয়মিত সাইকেল চালালে ক্যালোরি খরচ হয় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি রাস্তার দিকে নজর রাখা, ভারসাম্য বজায় রাখা এবং পরিস্থিতি বুঝে গতি নিয়ন্ত্রণ করার কারণে শরীরের পাশাপাশি মনও সক্রিয় থাকে।
নারগিসের এই রুটিন থেকে অবশ্য একটি বিষয় স্পষ্ট—ফিট থাকার জন্য সব সময় বদ্ধ ঘরে ঘণ্টার পর ঘণ্টা জিম করতেই হবে, এমন নয়। নিজের পছন্দের কোনও সক্রিয় শরীরচর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করাও হতে পারে ফিটনেস ধরে রাখার সহজ উপায়। তবে বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়ামের মাত্রা ঠিক করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।