সিন্ধু-লক্ষ্যরা কেন ছুটছেন ব্যাডমিন্টনের সবচেয়ে বড় মঞ্চে?
ব্যাডমিন্টনের সর্বোচ্চ প্রতিযোগিতা বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এখানে বিশ্বসেরা হওয়ার সম্মান মিললেও চ্যাম্পিয়নদের জন্য নেই কোনও আর্থিক পুরস্কার। অথচ তুলনায় নিচু স্তরের অনেক প্রতিযোগিতাতেই মোটা অঙ্কের পুরস্কার জেতার সুযোগ থাকে। তা হলে কেন প্রতি বছর বিশ্বের সেরা শাটলাররা এই প্রতিযোগিতার জন্য মুখিয়ে থাকেন?
২০০৯ সালের পর আবার ভারতে বসছে বিশ্ব ব্যাডমিন্টনের সবচেয়ে বড় আসর। ১৭ থেকে ২৩ অগস্ট নয়াদিল্লিতে আয়োজিত হবে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়েরা আর্থিক পুরস্কার পেলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেই সুযোগ নেই। অর্থাৎ এ বার যিনি বিশ্বসেরা হবেন, তিনিও কোনও নগদ পুরস্কার পাবেন না।
সর্বোচ্চ মর্যাদা, অথচ নেই প্রাইজ় মানি
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) বিশ্ব চ্যাম্পিয়নদের পদক ও ট্রফি দেয়। কিন্তু আর্থিক পুরস্কারের ব্যবস্থা নেই। অথচ এটিই ব্যাডমিন্টনের সর্বোচ্চ মর্যাদার প্রতিযোগিতা।
অলিম্পিক্স, টমাস কাপ এবং উবের কাপও ‘গ্রেড ওয়ান’ প্রতিযোগিতার মর্যাদা পায়। তবে অলিম্পিক্সে পদকজয়ীদের সরাসরি কোনও আর্থিক পুরস্কার দেওয়া হয় না। টমাস কাপ ও উবের কাপে অবশ্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এমনকি ‘গ্রেড টু’ পর্যায়ের একাধিক প্রতিযোগিতাতেও সিন্ধু, লক্ষ্য সেনদের মতো তারকারা আর্থিক পুরস্কার জেতার সুযোগ পান।
তা হলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আকর্ষণ কোথায়?
বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়েরা নিজেদের দেশের প্রতিনিধিত্ব করেন। ফলে বিশ্বসেরা হওয়ার সম্মানটাই এখানে সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু শুধু মর্যাদাই নয়, রয়েছে গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং পয়েন্টের হিসাবও।
বিশ্ব চ্যাম্পিয়ন হলে একজন খেলোয়াড় পান ১৪,৫০০ র্যাঙ্কিং পয়েন্ট। ব্যাডমিন্টনের অন্য কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এত পয়েন্ট পাওয়া যায় না। এমনকি অলিম্পিক্সে সোনা জিতলেও এই সংখ্যক র্যাঙ্কিং পয়েন্ট মেলে না।
এই পয়েন্টই শাটলারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থান শক্তিশালী করার পাশাপাশি পরবর্তী বড় প্রতিযোগিতাগুলিতে খেলার সুযোগ পাওয়ার ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে।
সারা বছরের জন্য বড় সুবিধা
সিঙ্গলস, ডাবলস কিংবা মিক্সড ডাবলস— সব বিভাগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং পয়েন্ট গুরুত্বপূর্ণ। বিশ্বজয়ী হলে একজন খেলোয়াড় দীর্ঘ সময় ধরে নিজের র্যাঙ্কিং অবস্থান ধরে রাখার ক্ষেত্রে বড় সুবিধা পান।
তাই আর্থিক পুরস্কার না থাকলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপকে ঘিরে খেলোয়াড়দের আগ্রহে ঘাটতি নেই। নগদ অর্থের বদলে এখানে মিলছে বিশ্বসেরার তকমা এবং বিপুল র্যাঙ্কিং পয়েন্ট—যা পরবর্তী কেরিয়ারে আরও বড় সুযোগের দরজা খুলে দিতে পারে।
আর সেই কারণেই সিন্ধু, লক্ষ্যদের মতো তারকারা এই প্রতিযোগিতায় সেরাটা উজাড় করে দিতে চান।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।