ক্রিকেটের পর এ বার টিভিতে রোহিত! নতুন ইনিংসের প্রস্তুতি, অবসরের জল্পনাও তুঙ্গে

ক্রিকেটের পর এ বার টিভিতে রোহিত! আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন তিনি। আর সেই…

August 12, 2026
1 min read

ক্রিকেটের পর এ বার টিভিতে রোহিত!

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন তিনি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই উঠছে প্রশ্ন—তবে কি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন রোহিত?

রোহিত শর্মার ক্রিকেটজীবনের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে চান রোহিত। কিন্তু প্রধান নির্বাচক অজিত আগরকর তাঁকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখতে চান না বলে দাবি করা হয়েছে। ইংল্যান্ড সফরেও নির্বাচকদের তরফে রোহিতকে এমন বার্তা দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভও জানিয়েছিলেন তিনি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন।

এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে ব্যাট হাতে জবাব দেন রোহিত। দুর্দান্ত ১৩৮ রানের ইনিংস খেলেন তিনি।

তবে ৩৯ বছর বয়সি রোহিত নিজেও জানেন, আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। এখন দেশের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন। এর মধ্যেই ক্রিকেটের বাইরে নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে।

সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন রোহিত। অনুষ্ঠানের নাম ‘দ্য রোহিত শর্মা শো’। অনুষ্ঠানটি কী ধরনের বা কী বিষয়কে কেন্দ্র করে তৈরি, তা এখনও স্পষ্ট নয়। চ্যানেলের প্রিভিউ পেজে এটিকে রিয়্যালিটি শো হিসেবে উল্লেখ করা হয়েছে। সনি লিভেও অনুষ্ঠানটি দেখা যাবে।

গত মে মাসে রোহিতকে সঞ্চালনার প্রস্তাব দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রোমোর শুটিং হয়ে গিয়েছে। সেই প্রোমোয় রোহিতের ক্রিকেটজীবনের একটি ভাইরাল উক্তিও ব্যবহার করা হয়েছে—‘কেউ বাগানে ঘোরাঘুরি করবে না।’

একটি ম্যাচে ফিল্ডারদের ধীর গতির নড়াচড়ায় বিরক্ত হয়ে স্টাম্প মাইক্রোফোনের সামনে ওই মন্তব্য করেছিলেন রোহিত। সেই জনপ্রিয় মুহূর্তকেই নতুন অনুষ্ঠানের প্রচারে ব্যবহার করেছে চ্যানেল।

প্রোমোর শুটিংয়ের ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্যামেরার অবস্থান এবং শুটিংয়ের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে রোহিতকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। চ্যানেল কর্তৃপক্ষ তাঁর নতুন ভূমিকাকে ‘সবচেয়ে বড় বিনোদনমূলক অভিষেক’ বলে তুলে ধরেছে।

প্রোমোয় রোহিত নিজেও মজার ছলে বলেছেন, ‘‘আমার বলা দুটো বাক্য এত ভাইরাল হয়েছে। তা হলে ভাবুন, আমার শো সম্প্রচার হলে কী হবে।’’

এই নতুন অধ্যায় নিয়েই এখন তৈরি হয়েছে অবসরের জল্পনা। রোহিত কি ক্রিকেট ছেড়ে টেলিভিশনকেই নতুন পেশাগত ইনিংসের অংশ করতে চলেছেন? এখনও পর্যন্ত তাঁর অবসর নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে ক্রিকেটের পাশাপাশি বিনোদন জগতের নতুন ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ যে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে, তা বলাই যায়।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *