পাঁচ বছরে ১০০ কোটি টাকার সম্পত্তি!
সিন্ডিকেট চালানো, তোলাবাজি এবং মানুষকে ভয় দেখানোর মতো একাধিক অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। এ বার তদন্তে তাঁর বিপুল সম্পত্তিরও হদিস মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, গত পাঁচ বছরে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেড়েছে দেবরাজের। সেই তথ্য ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-কে জানানো হয়েছে।
বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজের নামে সরাসরি নয়, তাঁর পরিচিতদের নামে থাকা প্রায় ৩০টি সম্পত্তির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, এই সম্পত্তিগুলির বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। দমদম, নিউ টাউন এবং বাগুইআটির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও সম্পত্তির সন্ধান মিলেছে বলে জানা যাচ্ছে।
তদন্তকারীদের অনুমান, গত পাঁচ বছরেই এই সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সম্পত্তির মালিকানা এবং অর্থের উৎস খতিয়ে দেখার পাশাপাশি এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছেন তাঁরা। পুলিশের তরফে পাওয়া তথ্যই ইডি-কে জানানো হয়েছে বলে সূত্রের খবর।
দেবরাজের বিরুদ্ধে কী অভিযোগ?
সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির অভিযোগে গত সপ্তাহেই বারাসত আদালতে দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযোগের পক্ষে ‘পর্যাপ্ত তথ্যপ্রমাণ’ পাওয়া গিয়েছে। সেই ভিত্তিতেই চার্জশিট দেওয়া হয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দেবরাজ এবং তাঁর স্ত্রী, তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির সম্পত্তির হিসাব নিয়েও তদন্ত শুরু হয়। অভিযোগ ওঠে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে কিংবা আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তর করা হয়েছিল।
দেবরাজ ও অদিতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, সম্পত্তি গোপন করা এবং অর্থপাচারের মতো অভিযোগও রয়েছে। অদিতির বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর অভিযোগ উঠেছে।
আদালতে গিয়েছিলেন দম্পতি
পুলিশি তদন্তের মধ্যে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবরাজ এবং অদিতি। আদালত তাঁদের শিশুসন্তানের কথা বিবেচনা করে অদিতিকে রক্ষাকবচ দিলেও দেবরাজের আবেদন খারিজ করে দেয়।
এর পর গত ১ জুলাই পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করে পুলিশ। এখন তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পাশাপাশি সম্পত্তির উৎস এবং গত কয়েক বছরে সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগও তদন্তের আওতায় এসেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।