‘বৈভবের বয়স নিয়ে সংশয় রয়েছে’
বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে ক্রিকেটমহলে আলোচনা থামছে না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরেও ভারতের এই তরুণ ব্যাটারের বয়স নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লির মতে, বৈভবের বয়স নিয়ে আলোচনা না করে তাঁর অসাধারণ ব্যাটিং নিয়েই বেশি কথা হওয়া উচিত।
এক সাক্ষাৎকারে বৈভবের প্রশংসা করতে গিয়ে লি স্বীকার করেছেন, ভারতের বাইরে অনেকেই জানতে চান, সত্যিই কি বৈভবের বয়স ১৫ বছর। তাঁর মতে, এই মুহূর্তে ক্রিকেটমহলে বৈভবকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির একটি তাঁর বয়স। তবে সেই বিতর্কে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন প্রাক্তন অস্ট্রেলীয় পেসার।
লি বলেন, বৈভব যদি সত্যিই ১৫ বছরের হয়, তা হলে সেটি অবশ্যই অসাধারণ। আবার তাঁর বয়স ১৭ বা ১৮ হলেও তাতে বিশেষ কিছু যায় আসে না। আসল বিষয় হল, এত কম বয়সে বৈভব যে ক্রিকেট খেলছে এবং যে ভাবে নিজের দক্ষতা দেখাচ্ছে, সেটিই প্রশংসার যোগ্য। ভারতের জন্য তাঁকে দুর্দান্ত আবিষ্কার বলেও উল্লেখ করেছেন লি।
বৈভবের ব্যাটিং দেখে বিশেষ ভাবে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলীয় পেসার। তাঁর মতে, আইপিএলে অল্প সময়ের মধ্যেই তরুণ ব্যাটার নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৯৭ রানের ইনিংসটির কথাও উল্লেখ করেছেন তিনি। সেই ম্যাচে অস্ট্রেলীয় বোলারদের বিরুদ্ধে বৈভবের ব্যাটিং তাঁকে সবচেয়ে বেশি অবাক করেছে।
লির বক্তব্য, শুধু খারাপ বল নয়, বৈভব ভাল বলকেও হুক ও পুল করে সীমানার বাইরে পাঠাচ্ছিল। তাঁর শটগুলির মধ্যে খাঁটি ক্রিকেটীয় দক্ষতার ছাপ রয়েছে বলেও মনে করেন তিনি। একই সঙ্গে বৈভবের মানসিক শক্তিরও প্রশংসা করেছেন লি।
প্রাক্তন পেসারের মতে, বৈভবের মধ্যে এখনও একটি শিশুসুলভ স্বাভাবিকতা রয়েছে। সেই স্বাভাবিকতাই আপাতত বজায় রাখা প্রয়োজন। এত কম বয়সে তার উপর অতিরিক্ত প্রত্যাশা বা চাপ তৈরি করা ঠিক হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
বৈভবের ব্যাটিংয়ের যে দিকটি লিকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, সেটি হল তাঁর জোরে বল খেলার ক্ষমতা। নিজের ক্রিকেটজীবনের প্রসঙ্গ টেনে লি জানিয়েছেন, কোনও ব্যাটার ভাল হুক বা পুল করতে পারলে তাঁর নিজেরও বোলিং করতে আরও বেশি ভাল লাগত। কারণ তখন ব্যাটার-বোলারের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হত।
মজার ছলে লি বলেন, তিনি বৈভবকে একটি ধাক্কা দিলে তরুণ ব্যাটার হয়তো ছক্কা মেরে তার জবাব দিতেন। তার পর আবার লিও পাল্টা আক্রমণ করতেন। অর্থাৎ বৈভবকে বল করতে পারলে এমন লড়াই তিনি বেশ উপভোগ করতেন।
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া লির কথায় তাই বৈভবকে নিয়ে প্রশংসার পাশাপাশি খানিক আক্ষেপও ধরা পড়েছে। বয়স নিয়ে বিতর্কের বদলে বৈভবের ব্যাট-বলের লড়াই দেখার সুযোগ পেলে সেটিই যে তাঁর কাছে বেশি আকর্ষণীয় হত, তা স্পষ্ট করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।