আরজি করের নির্যাতিতাকে সরকারি ভাবে প্রথম স্মরণ!
আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দু’বছর পূর্তির আগে সরকারি ভাবে তাঁকে স্মরণ করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রবিবার সকাল ১১টায় রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও প্রতিষ্ঠানে দু’মিনিট নীরবতা পালন করা হবে। তার আগে প্রদীপ জ্বালিয়ে নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জানানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সরকারি ভাবে আরজি করের নির্যাতিতাকে স্মরণ করার এমন কর্মসূচি এই প্রথম বলে দাবি করা হয়েছে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রী এই কর্মসূচির কথা ঘোষণা করেন।
২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ—সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রাত জাগা, মিছিল, অনশন এবং লাগাতার আন্দোলনের মধ্যে সুবিচারের দাবি জোরালো হয়েছিল। সেই ঘটনার দুই বছর পরেও স্মৃতি এখনও তাজা।
এই আবহেই রবিবার পানিহাটিতে নির্যাতিতার স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঘটনাচক্রে, নির্যাতিতার মা এখন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ওই কেন্দ্রের লোকসংস্কৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যেরা উপস্থিত থাকবেন। নির্যাতিতার নামে তৈরি ট্রাস্টের ব্যানারে হবে এই কর্মসূচি। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
অনুষ্ঠানের মঞ্চ থেকে ওই ট্রাস্টের ভবিষ্যৎ কর্মসূচি এবং কী ধরনের কাজ করা হবে, তারও কিছুটা আভাস মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
এ দিকে, আরজি কর-কাণ্ডের তদন্তও নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ঘটনায় এখনও পর্যন্ত এক জনই গ্রেফতার হয়েছেন। ঘটনার পর কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। পরে আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সঞ্জয়ের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করে চার্জশিট জমা দেয় তারা। শিয়ালদহ আদালতে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
তবে ক্ষমতার পালাবদলের পর মামলার তদন্তে ফের নড়াচড়া শুরু হয়েছে। সম্প্রতি শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আদালতে তারা জানায়, মামলার তদন্তের দায়িত্বে নতুন তদন্তকারী অফিসারকে আনা হচ্ছে। এত দিন দায়িত্বে থাকা সীমা পাহুজার জায়গায় নতুন আইও হিসাবে দায়িত্ব পেয়েছেন সন্দীপনি গর্গ। তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার।
নতুন দল ইতিমধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি পানিহাটি শ্মশানেও গিয়েছেন তদন্তকারীরা।
ফলে এক দিকে নির্যাতিতার স্মরণে সরকারি কর্মসূচি, অন্য দিকে মামলার তদন্তে নতুন করে তৎপরতা—দু’বছর পর ফের আরজি কর-কাণ্ড ঘিরে রাজ্যে তৈরি হয়েছে নতুন আলোচনা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।