শ্রীলঙ্কার দ্বিতীয় সারির ব্যাটারদের দাপটে চাপে সিরাজ-জাডেজারা
শ্রীলঙ্কা সফরের মূল টেস্ট সিরিজ শুরু হতে এখনও বাকি। কিন্তু প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই ভারতীয় বোলিং আক্রমণের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠল। যশপ্রীত বুমরাহকে ছাড়া ভারতীয় আক্রমণ যে এখনও ছন্দ খুঁজছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশ। প্রথম দিনের শেষে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৬৩ রান তুলে স্বাগতিকদের দ্বিতীয় সারির দলই ম্যাচে দাপট দেখাল।
এই প্রস্তুতি ম্যাচে প্রথম শ্রেণির মর্যাদা না থাকায় প্রথম দু’দিন দুই দলই ৯০ ওভার করে ব্যাট করবে। সেই হিসেবে দ্বিতীয় দিনে ব্যাট হাতে নামবে ভারত। তবে তার আগে গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলকে বোলিং বিভাগের পারফরম্যান্স নিয়ে নিশ্চয়ই নতুন করে ভাবতে হবে।
ভারতের পেস ও স্পিন— দুই বিভাগই প্রত্যাশা পূরণ করতে পারেনি। মহম্মদ সিরাজ ১১ ওভারে উইকেটশূন্য থেকে ৪৪ রান দেন, প্রসিদ্ধ কৃষ্ণও ৩২ রান খরচ করে কোনও সাফল্য পাননি। গুরনুর ব্রার একটি উইকেট পেলেও রান আটকে রাখতে পারেননি। স্পিন বিভাগেও কেবল কুলদীপ যাদব কিছুটা উজ্জ্বল ছিলেন। তিনি ২ উইকেট নিলেও ৭৬ রান দেন। রবীন্দ্র জাডেজা ২ উইকেট পেলেও ছিলেন অনুজ্জ্বল, আর নতুন মুখ সারাংশ জৈন ১১ ওভারে ৫৪ রান দিয়ে উইকেটশূন্য থাকায় প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াই আরও কঠিন হয়ে গেল। মানব সুতার একটি উইকেট নিলেও খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি।
ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবের উইকেটে বোলারদের জন্য বিশেষ সাহায্য না থাকলেও ভারতের অভিজ্ঞ আক্রমণের বিরুদ্ধে অনায়াসে রান তুলেছেন শ্রীলঙ্কার তরুণ ব্যাটাররা। ওপেনার নিশান ফার্নান্ডো ৬৬ রানের সাবলীল ইনিংস খেলেন এবং রাবিন্দু রাসান্তার সঙ্গে ১১০ রানের উদ্বোধনী জুটি গড়ে ভারতীয় বোলারদের শুরু থেকেই চাপে ফেলে দেন। ফার্নান্ডো রান-আউট না হলে আরও বড় ইনিংস খেলতে পারতেন।
আরও নজর কেড়েছেন সোনাল দিনুশা। তাঁর ৫২ রানের ইনিংসে ছিল পরিণত ব্যাটিং, বিশেষ করে কুলদীপ যাদবের স্পিন দক্ষতার সঙ্গে সামলানোর পাশাপাশি একটি ছক্কাও হাঁকান তিনি। দিনুশার ব্যাটিংয়ে স্পষ্ট হয়েছে যে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধেও স্বাগতিক ব্যাটাররা আত্মবিশ্বাসী ছিলেন।
প্রথম দিনের খেলা শেষে স্কোরবোর্ড ভারতের জন্য উদ্বেগেরই ইঙ্গিত দিচ্ছে। মূল টেস্ট সিরিজের আগে বোলিং আক্রমণের ধার বাড়ানো এবং সঠিক কম্বিনেশন বেছে নেওয়াই এখন টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।