বিশ্ব ব্যাডমিন্টনের আগে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের আমূল বদল
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরুর আগে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামকে একেবারে নতুন রূপে সাজিয়ে তুলেছে আয়োজকরা। চলতি বছরের ইন্ডিয়া ওপেনে পায়রার বিষ্ঠা কোর্টে পড়া, বাঁদরের উৎপাত এবং আলোকব্যবস্থা নিয়ে সমালোচনার পর এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা। ১৭ অগস্ট থেকে শুরু হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে স্টেডিয়ামে আনা হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পাখির উপদ্রব রুখতে। স্টেডিয়ামের বিভিন্ন অংশে বিশেষ পিচ্ছিল জেল ব্যবহার করা হচ্ছে, যাতে পায়রারা বসতে না পারে। পাশাপাশি আমেরিকা থেকে আনা হয়েছে অত্যাধুনিক ডিভাইস, যা শিকারি পাখির শব্দ তৈরি করবে। সেই আওয়াজে অন্যান্য পাখি স্টেডিয়ামের আশপাশে ভিড় করবে না। এছাড়াও অননুমোদিত প্রবেশ ঠেকাতে বসানো হয়েছে বিশেষ কাচের নিরাপত্তা দরজা।
স্টেডিয়ামের পরিকাঠামোও নতুন করে সাজানো হয়েছে। দর্শকদের জন্য নতুন আসন, আধুনিক দিকনির্দেশিকা, আন্তর্জাতিক মানের কাঠের কোর্ট, উন্নত আলোকব্যবস্থা এবং ছাদে জলরোধী ব্যবস্থা তৈরি করা হয়েছে। আলোর মান উন্নত করতে ইন্দোনেশিয়া ওপেন ও ইন্দোনেশিয়া মাস্টার্স আয়োজনকারী বিশেষজ্ঞদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ম্যাচ চলাকালীন কোনও প্রযুক্তিগত সমস্যা না হয়।
ভারতের ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র জানিয়েছেন, পুরো প্রতিযোগিতা জুড়েই কড়া নিরাপত্তা থাকবে এবং পাখির সমস্যা এড়াতে বিশেষ ব্যবস্থা কার্যকর করা হবে। তাঁর দাবি, এ বারের বিশ্ব ব্যাডমিন্টন আয়োজনকে আন্তর্জাতিক মানের করে তুলতেই এই সব উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিযোগিতা বিভাগের পরিচালক সেলভারমেশ সুপ্রামনিয়মও স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, অধিকাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বাকি কাজও প্রতিযোগিতা শুরুর আগেই সম্পূর্ণ হয়ে যাবে।
১৭ বছর পর আবার ভারতে ফিরছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তাই আগের ভুল থেকে শিক্ষা নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তুলতে কোনও খামতি রাখছে না আয়োজকরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।