টানা বৃষ্টিতে নাকাল কলকাতা!
সোমবার সকাল থেকেই মেঘে ঢাকা ছিল কলকাতার আকাশ। দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি ও বজ্রপাতের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে শহরের জনজীবন। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কলকাতায় মোট ৮৬.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর ফলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যান চলাচল ব্যাহত হয় এবং নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
সোমবারের বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকায় কোথাও টানা, কোথাও আবার থেমে থেমে ভারী বর্ষণ হয়েছে। রবিবারের বৃষ্টির রেশ কাটার আগেই নতুন করে জল জমায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শহরের বেশ কয়েকটি ব্যস্ত রাস্তায় যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়, যার প্রভাব পড়ে অফিসফেরত যাত্রীদের উপর।
ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, আলিপুর রোড, বর্ধমান রোড, ডায়মন্ড হারবার রোড, হরিশ মুখার্জি রোড, হাজরা রোড, শরৎ বোস রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ধীর হয়ে পড়ে। জল জমে যাওয়ায় বাস, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ির গতি কমে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যাত্রীদের অভিযোগ, বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেকের দাবি, অন্য দিনের তুলনায় রাস্তায় বাসের সংখ্যাও কম ছিল। ফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনও বৃষ্টির দাপট অব্যাহত থাকায় শহরের জলনিকাশি ও যান চলাচল আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং আবহাওয়ার আপডেট দেখে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।