চোখের সামনে পাহাড় ভেঙে পড়ল গাড়ির উপর!!
হিমাচল প্রদেশে ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে একটি যাত্রীবাহী গাড়ির উপর পড়তেই মুহূর্তের মধ্যে মৃত্যু হল ১৩ জনের। নিহতদের মধ্যে রয়েছে মাত্র ছ’মাসের একটি শিশুও। শুক্রবার চম্বা জেলার পাঙ্গী উপত্যকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, গাড়িতে মোট ১৫ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাহুল-স্পিতির উদয়পুর থেকে পাঙ্গীর দিকে যাচ্ছিল গাড়িটি। কিল্লার-উদয়পুর সড়কের কাদু নালার কাছে পৌঁছতেই আচমকা পাহাড়ের একাংশ ভেঙে রাস্তার উপর ধসে পড়ে। সঙ্গে নেমে আসে বিশাল আকারের পাথর। তারই নীচে চাপা পড়ে যায় গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি প্রায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
ভরমৌর-পাঙ্গীর বিধায়ক জনক রাজ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর কথায়, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিপুল পাথরের স্তূপের নীচে চাপা পড়ে থাকায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি, কয়েক দিন আগেও ধসের কারণে কিল্লার-উদয়পুর রাস্তা বন্ধ ছিল। শুক্রবার সকালেই নতুন করে যান চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।
বর্ষার কারণে গত কয়েক সপ্তাহ ধরেই হিমাচলের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। তার জেরে একাধিক এলাকায় ভূমিধস, রাস্তা ধসে যাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। আবহাওয়া দফতর আগেই ধসপ্রবণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের মতে, কাদু নালা সংলগ্ন এই অংশ বর্ষাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাহাড় থেকে প্রায়ই ছোট-বড় পাথর গড়িয়ে পড়ে। বিশেষ করে ভারী বৃষ্টির পরে ওই রাস্তা দিয়ে যাতায়াতকে বিপজ্জনক বলেই মনে করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে আচমকাই পাহাড়ের উপর থেকে পাথর আলগা হয়ে দ্রুতগতিতে নেমে আসে। চালক কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি ধসের মুখে পড়ে। বিশাল পাথরের চাপে গাড়িটি প্রায় চ্যাপ্টা হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ, প্রশাসন এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভারী যন্ত্রের সাহায্যে পাথর সরিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটি কেটে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। আহত দুই যাত্রীর চিকিৎসা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ধসের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
বর্ষার মরসুমে পাহাড়ি রাস্তায় যাতায়াতের ঝুঁকি যে কতটা ভয়াবহ হতে পারে, চম্বার এই দুর্ঘটনা ফের সেই বাস্তবতাকেই সামনে এনে দিল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?