পিএসি-তে ঋতব্রত শিবিরের দাপট!
রাজ্যের গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র সদস্য নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনার অবসান হল। তৃণমূল দুই শিবিরে বিভক্ত হওয়ার পর বিরোধী সদস্য মনোনয়ন নিয়ে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। সংখ্যার নিরিখে এগিয়ে থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির পাঁচ জনের নাম জমা দিয়েছে, আর কালীঘাট তৃণমূলের তরফে জমা পড়েছে মাত্র এক জনের নাম।
বিধানসভার প্রচলিত নিয়ম অনুযায়ী, ২০ সদস্যের পিএসি-তে ১৪ জন থাকেন শাসকদলের এবং ৬ জন বিরোধী শিবিরের বিধায়ক। এই ছয় জনের মধ্য থেকেই একজনকে কমিটির চেয়ারম্যান করা হয়। সেই কারণেই পিএসি-র গঠন ও চেয়ারম্যান নির্বাচনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
ঋতব্রত শিবিরের তরফে পিএসি-র জন্য মনোনীত হয়েছেন ফিরহাদ হাকিম (ববি), বিপ্লব মিত্র, গোলাম রব্বানি, কানাইয়ালাল অগ্রবাল এবং সমর মুখোপাধ্যায়। অন্যদিকে, কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে একমাত্র অশোক দেব-এর নাম পাঠানো হয়েছে।
শাসকদলের তরফে মনোনীত ১৪ জন সদস্যের তালিকায় রয়েছেন অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ সিকদার, সুব্রত ঠাকুর এবং স্বপনকুমার দাস।
বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন স্পিকার রথীন্দ্র বসু পিএসি-র চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন।
পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের ব্যয়, হিসাব এবং ক্যাগ (CAG) রিপোর্ট খতিয়ে দেখে। সরকারি অর্থ কীভাবে খরচ হয়েছে এবং আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে কি না, তা পর্যালোচনার ক্ষেত্রে এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণেই চেয়ারম্যান পদটি রাজনৈতিক ও প্রশাসনিক— দুই ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব বহন করে।
পিএসি চেয়ারম্যান নির্বাচন নিয়ে অতীতেও বিতর্ক হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়-কে পিএসি চেয়ারম্যান করা হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে তৎকালীন বিরোধী দল বিজেপি আদালতের দ্বারস্থ হয়েছিল এবং নিজেদের প্রার্থী হিসেবে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করেছিল। পরে ২০২২ সালে অসুস্থতার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মুকুল।
এ বার দুই শিবিরে বিভক্ত বিরোধী রাজনীতির আবহে পিএসি-তে ঋতব্রত শিবিরের সংখ্যাগত প্রাধান্য ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?