‘দি ওডিসি’-র প্রিমিয়ারে নোলানের সাজ কাড়ল নজর!
বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুচর্চিত ছবি ‘দি ওডিসি’। নিউ ইয়র্কে আয়োজিত ছবির জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নোলান, ছবির তারকারা এবং হলিউডের বহু পরিচিত মুখ। তবে ঝলমলে ফ্যাশনের ভিড়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে নোলানের সংযত অথচ অর্থবহ পোশাক, যেখানে স্পষ্ট ছিল ভারতের ঐতিহ্যের ছোঁয়া।
প্রিমিয়ারে নোলানকে দেখা যায় ধবধবে সাদা শার্ট, কালো স্যুট এবং একটি বিশেষ আজরাখ নকশার সিল্ক টাই পরে। এই টাইটি ডিজাইন করেছেন নিউ ইয়র্ক-ভিত্তিক ভারতীয় পোশাকশিল্পী অহান টন্ডন। তাঁর এই পোশাক মুহূর্তের মধ্যেই ভারতীয় অনুরাগীদের আলোচনার বিষয় হয়ে ওঠে।
আজরাখ ভারতের গুজরাতের কচ্ছ অঞ্চলের শতাব্দীপ্রাচীন বস্ত্রশিল্প। কাঠের ব্লকের সাহায্যে হাতে ছাপা নকশা এবং উদ্ভিজ্জ ও খনিজ উৎসের প্রাকৃতিক রং ব্যবহার করে তৈরি হয় এই বিশেষ কাপড়। ঐতিহ্যবাহী এই শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য নোলানের এই নির্বাচনকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
প্রিমিয়ারে ভারতীয় ফ্যাশনের উপস্থিতি অবশ্য শুধু নোলানের পোশাকেই সীমাবদ্ধ ছিল না। ছবিতে ‘হেলেন অফ ট্রয়’ এবং ‘ক্লাইটেমনেস্ট্রা’র দ্বৈত চরিত্রে অভিনয় করা অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ংও ভারতীয় ডিজাইনের গয়না পরে নজর কাড়েন। তাঁর সোনালি গাউনের সঙ্গে ছিল ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি মুক্তো ও হিরে খচিত একটি নেকলেস, যা তাঁর সাজে রাজকীয় মাত্রা যোগ করে।
সম্প্রতি ‘দি ওডিসি’-র প্রচারের অংশ হিসেবে ক্রিস্টোফার নোলান ভারতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ছবির দুই তারকা ম্যাট ডেমন ও টম হল্যান্ড। মুম্বই সফরে তাঁরা শুধু প্রচারেই অংশ নেননি, শহরের জনপ্রিয় খাবারের জায়গা অলিম্পিয়া কফি হাউস ও তৃষ্ণাতেও স্থানীয় খাবারের স্বাদ নিয়েছিলেন।
ভারতে ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মুক্তির প্রায় এক মাস আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে যায়। নোলানের ছবির প্রতি ভারতীয় দর্শকদের এই আগ্রহের প্রতিফলন যেমন দেখা গিয়েছে বক্স অফিসে, তেমনই পরিচালকও যেন নিজের পোশাকের মাধ্যমে ভারতের প্রতি ভালোবাসার ইঙ্গিত দিয়েছেন।
ফলে ‘দি ওডিসি’-র প্রিমিয়ারে শুধু সিনেমা নয়, ভারতীয় ঐতিহ্য ও আন্তর্জাতিক ফ্যাশনের এক অনন্য মেলবন্ধনেরও সাক্ষী থাকল নিউ ইয়র্ক।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?