‘রাবতা’ থেকে বিশ্বমঞ্চ— সুরের জাদুতে ‘বছরের বেস্ট’ সম্মান জিতলেন বঙ্গতনয়া নিখিতা গাঁধী

‘বছরের বেস্ট’ সম্মান জিতলেন বঙ্গতনয়া নিখিতা গাঁধী! মাত্র কয়েক মিনিটেই গোটা অনুষ্ঠানস্থলের আবহ বদলে দিলেন তিনি। ‘রাবতা’ ছবির জনপ্রিয় গান ‘মেহেরবানি জাতে-জাতে…’-র সুরে দর্শকদের মুগ্ধ করে সঙ্গীত বিভাগে ‘বছরের বেস্ট…

July 18, 2026
1 min read

‘বছরের বেস্ট’ সম্মান জিতলেন বঙ্গতনয়া নিখিতা গাঁধী!

মাত্র কয়েক মিনিটেই গোটা অনুষ্ঠানস্থলের আবহ বদলে দিলেন তিনি। ‘রাবতা’ ছবির জনপ্রিয় গান ‘মেহেরবানি জাতে-জাতে…’-র সুরে দর্শকদের মুগ্ধ করে সঙ্গীত বিভাগে ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মান পেলেন জনপ্রিয় গায়িকা নিখিতা গাঁধী।

বাঙালি মা ও পঞ্জাবি বাবার সন্তান নিখিতা গত কয়েক বছরে বলিউডের অন্যতম পরিচিত কণ্ঠ হয়ে উঠেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের মজবুত ভিতের উপর দাঁড়িয়ে তিনি যেমন অনায়াসে নজরুলগীতি পরিবেশন করতে পারেন, তেমনই হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, মরাঠি কিংবা পঞ্জাবি— একাধিক ভাষায় সমান দক্ষতায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন।

অনুষ্ঠানে নিজের প্রিয় গান সম্পর্কে প্রশ্ন করা হলে নিখিতা জানান, ‘জব হ্যারি মেট সেজল’ ছবির ‘ঘর’ তাঁর হৃদয়ের খুব কাছের। তবে মঞ্চে সেই গান না গেয়ে তিনি বেছে নেন বলিউডে তাঁর ব্রেকথ্রু গান ‘রাবতা’-র টাইটেল ট্র্যাক। কারণ হিসেবে জানান, এই গানের সঙ্গে বাঙালির বিশেষ যোগ রয়েছে— সহশিল্পী ছিলেন অরিজিৎ সিংহ এবং সুরকার প্রীতম চক্রবর্তী, দু’জনেই বাঙালি।

নিখিতার কেরিয়ারের পথও কম অনুপ্রেরণার নয়। দাঁতের চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে চেন্নাইয়ে পড়তে গিয়েছিলেন তিনি। সেখানেই সুযোগ পান এ আর রহমানের সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠানে তালিম নেওয়ার। সেই প্রশিক্ষণই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

মাত্র ২৫ বছর বয়সে মণি রত্নম পরিচালিত তামিল ছবি ‘ওকে কানমানি’-তে এ আর রহমানের সুরে গান গেয়ে প্রথম বড় পরিচিতি পান নিখিতা। এরপর ২০১৭ সালে সুরকার প্রীতম নতুন কণ্ঠের খোঁজে তাঁকে সুযোগ দেন ‘রাবতা’ ছবির টাইটেল ট্র্যাকে। সেই গানই তাঁকে বলিউডে প্রতিষ্ঠিত করে।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘ঘর’, ‘কাফিরানা’, ‘বাতেঁ গহরী হ্যায়’-সহ একের পর এক জনপ্রিয় গান তাঁর ঝুলিতে যোগ হয়েছে। শুধু হিন্দি নয়, দক্ষিণ ভারতীয় ভাষা থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চেও নিজের কণ্ঠের জাদু ছড়িয়েছেন তিনি।

সঙ্গীতে তাঁর এই বহুমুখী সাফল্য এবং ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবেই ‘বছরের বেস্ট’ সম্মানে ভূষিত করা হয়েছে নিখিতা গাঁধীকে। মঞ্চে তাঁর প্রাণবন্ত উপস্থিতি এবং সুরেলা পরিবেশনা যেন আবারও মনে করিয়ে দিল— বাংলা থেকে উঠে এসে বিশ্বসঙ্গীতের মঞ্চে নিজের জায়গা তৈরি করা শিল্পীদের অন্যতম উজ্জ্বল নাম এখন নিখিতা গাঁধী।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *