তবু ইংল্যান্ডকে হারিয়েই বিদায় নিতে চান ফ্রান্স কোচ দেশঁ!
বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচকে অনেকেই ‘সান্ত্বনা পুরস্কারের লড়াই’ বলে মনে করেন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁও সেই বাস্তবতা স্বীকার করলেন। তাঁর কথায়, এই ম্যাচ খেলতে ফ্রান্স যেমন আগ্রহী ছিল না, তেমনই ইংল্যান্ডও নিশ্চয়ই ফাইনালে না উঠে ব্রোঞ্জের লড়াইয়ে নামতে চাইত না। তবুও দেশের জার্সির মর্যাদা রক্ষার জন্য মাঠে শতভাগ দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
বিশ্বকাপে ফ্রান্সের শেষ ম্যাচটি আরও বিশেষ। কারণ, ২০১২ সাল থেকে জাতীয় দলের দায়িত্বে থাকা দেশঁর কোচ হিসেবে এটাই শেষ ম্যাচ। ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতার পর কোচ হিসেবেও ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করা ৫৭ বছরের এই কিংবদন্তি আগেই ঘোষণা করেছিলেন, টুর্নামেন্ট শেষেই দায়িত্ব ছাড়বেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশঁ বলেন, এই ম্যাচের গুরুত্ব ফাইনালের মতো না হলেও এটিকে কোনওভাবেই প্রীতি ম্যাচ হিসেবে দেখা উচিত নয়। তাঁর ভাষায়, “আমরা এই ম্যাচ খেলতে চাইনি, আমার মনে হয় ইংল্যান্ডও চাইনি। কিন্তু এখন যখন খেলতেই হবে, তখন লক্ষ্য একটাই— তৃতীয় স্থান নিশ্চিত করা।”
দেশঁ আরও জানান, ফ্রান্সের জার্সি গায়ে চাপালে দায়িত্ব কখনও কমে না। বিদায়ী ম্যাচে তিনি চান না আবেগই সবকিছু ঢেকে দিক। বরং দল যেন জয়ের মাধ্যমে তাঁর দীর্ঘ কোচিং অধ্যায়ের সুন্দর সমাপ্তি ঘটায়। তাঁর কথায়, “এটাই আমার শেষ ম্যাচ। তবে জীবন এখানেই থেমে থাকবে না। আমি চাই না ম্যাচ শেষে সবাই শুধু কান্নাকাটি করুক।”
কোচের এই আবেগ ফুটে উঠেছে ফুটবলারদের বক্তব্যেও। ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে জানিয়েছেন, সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ খেলতে কারওই ইচ্ছে ছিল না। কিন্তু এখন তাঁদের একমাত্র লক্ষ্য কোচকে জয় উপহার দেওয়া।
কোনাতে বলেন, “দেশঁ ফ্রান্সের জন্য অসাধারণ অবদান রেখেছেন। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। তাই শেষ ম্যাচে তাঁকে হাসিমুখে বিদায় জানাতে চাই। ইংল্যান্ডকে হারাতে যা যা প্রয়োজন, আমরা সবই করব।”
ব্রোঞ্জ পদকের গুরুত্ব বোঝাতে তিনি মজার ছলে বলেন, “এই পদকটা অনেকটা চকোলেটের মতো। হয়তো সোনার মতো মূল্যবান নয়, কিন্তু জিতলে তার স্বাদ আলাদাই।”
ফলে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ নিয়ে উচ্ছ্বাস কম থাকলেও, দেশঁর বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে ফ্রান্স।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?