এলপিএলে গড়াপেটার অভিযোগে গ্রেফতার শুভমনের প্রাক্তন সতীর্থ!
শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর আগেই বড় বিতর্কে জড়াল প্রতিযোগিতা। ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মনজ্যোৎ কালরা, যিনি বর্তমানে এলপিএলের জাফনা কিংস দলের সহ-মালিক। এক ক্রিকেটারকে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃত ভাবে খারাপ খেলতে প্ররোচিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
শুক্রবার শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল কালরাকে গ্রেফতার করে। পরে তাঁকে আদালতেও তোলা হয়। তদন্তকারীদের দাবি, প্রতিযোগিতা শুরুর প্রায় ১০ দিন আগে এক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে ম্যাচে প্রভাব ফেলতে অর্থের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে সেই ক্রিকেটার প্রস্তাব প্রত্যাখ্যান করে সঙ্গে সঙ্গেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। অভিযোগ পাওয়ার পরই শুরু হয় তদন্ত, যার ভিত্তিতেই শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় কালরাকে।
শ্রীলঙ্কা পুলিশের দাবি, জাফনা কিংসের ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ, আবিষ্কা ফার্নান্ডো এবং দুনিথ ওয়েল্লালাগের দেওয়া তথ্য ও অভিযোগ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যদিও তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবু ম্যাচ গড়াপেটার অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বজায় রাখবে।
মনজ্যোৎ কালরার ক্রিকেটজীবনের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে দুর্দান্ত শতরান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি এবং ম্যাচসেরাও নির্বাচিত হন। সেই বিশ্বকাপজয়ী ভারতীয় দলে তাঁর সতীর্থ ছিলেন বর্তমান জাতীয় দলের তারকা শুভমন গিলও। তবে বয়সভিত্তিক ক্রিকেটে সাফল্য পেলেও পরে আন্তর্জাতিক পর্যায়ে নিজের জায়গা তৈরি করতে পারেননি কালরা। এ বছরের শুরুতেই তিনি জাফনা কিংসে বিনিয়োগ করে দলের সহ-মালিক হন।
এলপিএলে দুর্নীতির অভিযোগ অবশ্য নতুন নয়। অতীতেও ম্যাচ গড়াপেটা, ঘুষ এবং অবৈধ জুয়াচক্রের অভিযোগে একাধিক তদন্ত হয়েছে। চলতি বছরের শুরুতেই এমনই এক ঘটনায় এক দলের মালিককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে ক্রিকেটারদের প্রভাবিত করা এবং গোটা প্রতিযোগিতায় জুয়াচক্র পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়েছিল।
নতুন এই ঘটনাও এলপিএলের ভাবমূর্তিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটপ্রেমীরাও। অভিযোগ প্রমাণিত হলে মনজ্যোৎ কালরার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?