মুক্তির আগেই আইনি জটে ‘কুইন ২’!
মুক্তির আগেই বড় আইনি সমস্যার মুখে পড়েছে কঙ্গনা রানাউত অভিনীত ‘কুইন ২’। মূল ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলে বম্বে হাই কোর্টে ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছে ফ্যান্টম স্টুডিয়োস। সংস্থার অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’-এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে।
চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ হয়ে বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে বলে জানা গিয়েছে। ঠিক এই সময়েই আদালতের দ্বারস্থ হয়েছে ফ্যান্টম স্টুডিয়োস, যা ছবির মুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতে যাওয়ার আগে একাধিক বার জিয়োস্টার এবং পরিচালক বিকাশ বহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সিক্যুয়েল তৈরির বিষয়ে আপত্তি জানিয়ে আইনি নোটিসও পাঠানো হয়। কিন্তু সেই উদ্যোগে কোনও ইতিবাচক ফল না মেলায় শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের পথ বেছে নেয় প্রযোজনা সংস্থা।
ফ্যান্টম স্টুডিয়োসের বক্তব্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘কুইন’-এর মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনও তাদের কাছেই রয়েছে। ফলে ওই ছবির সিক্যুয়েল, রিমেক বা অন্য কোনও অভিযোজন তৈরির ক্ষেত্রে তাদের অনুমতি বাধ্যতামূলক। সংস্থার দাবি, সেই নিয়ম মানা হয়নি।
চলতি বছরের এপ্রিলে একটি আনুষ্ঠানিক বিবৃতিতেও ফ্যান্টম স্টুডিয়োস স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ‘কুইন’-এর উপর ভিত্তি করে কোনও সিক্যুয়েল বা নতুন প্রকল্প নির্মাণের অনুমতি তারা দেয়নি। সেই সতর্কবার্তার পরেও ছবির কাজ এগিয়ে যাওয়ায় আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার দাবি।
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ ছিল কঙ্গনা রানাউতের কেরিয়ারের অন্যতম সফল ছবি। দর্শক এবং সমালোচকদের প্রশংসার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সাফল্য পেয়েছিল সিনেমাটি। কঙ্গনা সেই ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতেছিলেন।
মূল ছবির প্রযোজনা করেছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স এবং ফ্যান্টম ফিল্মস। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্টেনা এবং বিকাশ বহল মিলে গড়ে তুলেছিলেন ফ্যান্টম ফিল্মস। ২০১৮ সালে সংস্থাটি বন্ধ হয়ে গেলেও ২০২১ সালে নতুন পরিচয়ে ফ্যান্টম স্টুডিয়োস হিসেবে তাদের যাত্রা শুরু হয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছিল। তবে কোনও সমঝোতা না হওয়ায় বিষয়টি আদালতে গড়িয়েছে। এখন বলিউডের নজর বম্বে হাই কোর্টের সিদ্ধান্তের দিকে। কারণ, এই মামলার ফলাফলই ঠিক করে দিতে পারে ‘কুইন ২’ নির্ধারিত সময়ে মুক্তি পাবে কি না, নাকি আইনি জটিলতার কারণে ছবির মুক্তি পিছিয়ে যাবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?