মেক্সিকোর জয়ের উৎসবেই প্রাণ গেল তিন সমর্থকের!
৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়। গোটা মেক্সিকো যখন উল্লাসে মেতে উঠেছে, তখনই সেই আনন্দের মাঝেই নেমে এল গভীর শোক। মেক্সিকো সিটির রাস্তায় বিজয় উদ্যাপন করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন সমর্থকের। বুধবার ভোরে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আয়োজক দেশ মেক্সিকো। ম্যাচ শেষ হতেই হাজার হাজার সমর্থক রাজধানীর বিখ্যাত অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভ চত্বরে জড়ো হন। কিন্তু ক্রমশ ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ ও উদ্ধারকারী দল জানায়, পাসেয়ো দে লা রিফর্মা এলাকার বিভিন্ন জায়গা থেকে অসুস্থ অবস্থায় তিন জনকে উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।
মেক্সিকো সিটির স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন ৪৪ বছর বয়সি এক ব্যক্তি, ১৯ বছর বয়সি এক তরুণী এবং ৪৮ বছর বয়সি এক মহিলা। প্রথম দু’জনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। তৃতীয় জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত ভিড়ের মধ্যে দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি নাগরিকদের উদ্দেশে আবেদন করেন, আনন্দ উদ্যাপনের সময় দায়িত্বশীল ও সতর্ক থাকতে। তাঁর কথায়, বড় সাফল্য উদ্যাপন অবশ্যই আনন্দের, কিন্তু জনসমাগমে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য, মেক্সিকো সিটির জনসংখ্যা প্রায় দুই কোটি। জাতীয় উৎসব বা গুরুত্বপূর্ণ ক্রীড়া সাফল্যের পর বহু মানুষ ঐতিহ্যগতভাবেই অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স চত্বরে জড়ো হন। এ দিনও ব্যতিক্রম হয়নি। তবে বিপুল ভিড়ের চাপে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত তিন সমর্থকের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটে।
বিশ্বকাপে মেক্সিকোর ঐতিহাসিক জয়ের আনন্দ তাই মুহূর্তেই বদলে যায় শোকে। দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় এই সাফল্যের দিনটি একই সঙ্গে তিন সমর্থকের মৃত্যুর কারণে এক বেদনাবিধুর স্মৃতিও হয়ে রইল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?