ধারাবাহিকের সেটে আরাত্রিকা-চাঁদনীর ‘মনোমালিন্য’
টেলিপাড়ায় অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন নতুন নয়। কখনও বন্ধুত্ব, কখনও দূরত্ব—সেটের অন্দরমহলের খবর নিয়ে দর্শকদের কৌতূহল বরাবরই থাকে। সম্প্রতি সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের দুই অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং চাঁদনী সাহা।
শোনা যাচ্ছিল, দুই অভিনেত্রীর মধ্যে নাকি মনোমালিন্য তৈরি হয়েছে। এমনকি তাঁদের একসঙ্গে ভিডিয়ো বা ভ্লগ করা নিয়েও সমস্যা হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। তবে সেই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন চাঁদনী নিজেই।
এই মুহূর্তে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। ধারাবাহিকের নিশা-উজির গল্প শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। সময়ের সঙ্গে কাহিনির মোড় বদলেছে, নতুন নতুন সম্পর্ক এবং টানাপড়েন যোগ হয়েছে গল্পে। এর মধ্যেই আচমকা দুই অভিনেত্রীকে নিয়ে তৈরি হয় আলোচনা।
ধারাবাহিকে আরাত্রিকা অভিনয় করছেন মূল চরিত্রে, আর চাঁদনী রয়েছেন তাঁর অনস্ক্রিন ননদের ভূমিকায়। দুই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই চাঁদনীর সঙ্গে যোগাযোগ করা হয়।
অভিনেত্রী স্পষ্ট করে জানান, তাঁদের মধ্যে কোনও সমস্যাই হয়নি। চাঁদনীর কথায়, “আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি। আসলে সবাই ভুল বুঝছেন। সেটে অনেকেই আসেন, যাঁরা শুধুমাত্র নায়ক-নায়িকাদের নিয়ে ভিডিয়ো করেন। অনেক সময় অনুমতি ছাড়াই ফ্রেমে ধরে ফেলেন। সেই বিষয় থেকেই হয়তো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, এই ঘটনায় আরাত্রিকার প্রসঙ্গ টেনে আনার কোনও কারণ নেই। তাঁর মতে, যাঁরা এই ধরনের কথা ছড়াচ্ছেন, তাঁরা বিষয়টিকে অযথা বড় করে দেখছেন।
টলিপাড়ার অন্দরমহলে শিল্পীদের সম্পর্ক নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। শুটিং সেটে দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার কারণে অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত সমীকরণ নিয়েও নানা জল্পনা তৈরি হয়। তবে সব গুঞ্জনের সত্যতা থাকে না বলেই মনে করেন অনেক শিল্পী।
আরাত্রিকা এবং চাঁদনীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে জানালেন চাঁদনী। তাঁর মতে, বাস্তবে তাঁদের সম্পর্ক স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ। তাই এই ধরনের গুজবকে গুরুত্ব দিতে চান না তিনি।
দর্শকদের কাছে ‘জোয়ার ভাঁটা’র গল্প যেমন আকর্ষণের বিষয়, তেমনই ধারাবাহিকের কলাকুশলীদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আগ্রহ থাকে। তবে আপাতত চাঁদনীর বক্তব্যে স্পষ্ট, আরাত্রিকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছে, তার কোনও ভিত্তি নেই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?