মেসি না রোনাল্ডো, কে সেরা?
ফুটবলবিশ্বে বহু বছর ধরে চলে আসছে এক বিতর্ক— লিয়োনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কে সর্বকালের সেরা? এই প্রশ্নের উত্তর নিয়ে সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলের মত আলাদা। কেউ মেসির জাদুকরী ড্রিবলিং ও সৃজনশীলতাকে এগিয়ে রাখেন, আবার কেউ রোনাল্ডোর গোল করার ক্ষমতা ও পরিশ্রমের প্রশংসা করেন। এ বার সেই বিতর্কে নিজের মত জানালেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমবাপেকে প্রশ্ন করা হয়— মেসি, রোনাল্ডো, এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেনের মধ্যে কে সেরা? উত্তরে ফরাসি ফরোয়ার্ড কোনও দ্বিধা না করে মেসিকেই সবার উপরে রাখেন।
এমবাপে বলেন, “আমাদের মধ্যে অবশ্যই মেসি সেরা। ও বিশ্বের সেরা ফুটবলার। তার পরেই রয়েছে রোনাল্ডো। তার পরে সম্ভবত আমি। বাকিদের বিষয়ে বলতে পারব না।”
এমবাপের এই মন্তব্যে পরিষ্কার, তাঁর চোখে মেসিই ফুটবলের সর্বোচ্চ আসনে। যদিও গত বিশ্বকাপের ফাইনালে এই দুই তারকাই একে অপরের প্রতিপক্ষ ছিলেন। কাতারের সেই ঐতিহাসিক ফাইনালে এমবাপে হ্যাটট্রিক করেছিলেন, আর মেসি করেছিলেন জোড়া গোল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসাবেও ধরা হয়।
ব্যক্তিগত পারফরম্যান্সেও এ বার শুরু থেকেই ছন্দে রয়েছেন দুই তারকা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করেছেন মেসি। অন্য দিকে সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন এমবাপে। ফলে সোনার বুটের লড়াইয়েও দু’জনের মধ্যে শুরু হয়েছে টক্কর।
তবে রোনাল্ডোর শুরুটা আশানুরূপ হয়নি। প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ফলে পর্তুগালের অধিনায়ককে নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। যদিও অভিজ্ঞ এই তারকা অতীতে বহু বার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর নজির দেখিয়েছেন।
বিশ্বকাপে গোলের হিসাবেও মেসি এখন ইতিহাসের সামনে দাঁড়িয়ে। তাঁর গোলসংখ্যা ১৬, যা জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ের রেকর্ডের সমান। আর একটি গোল করলেই একক ভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি। এমবাপেও খুব বেশি পিছিয়ে নেই। তাঁর গোলসংখ্যা ১৪। এই বিশ্বকাপেই ক্লোজ়ের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তাঁর সামনে।
অন্য দিকে, বিশ্বকাপে রোনাল্ডোর গোলসংখ্যা ৮। কিন্তু রেকর্ডের থেকেও বড় বিষয়, এই তিন তারকার শেষ বিশ্বকাপের মঞ্চে নিজেদের ছাপ ফেলার লড়াই। মেসি ইতিহাসের শীর্ষে উঠতে চাইছেন, এমবাপে নিজের প্রজন্মের সেরা হওয়ার দাবি আরও শক্ত করতে চাইছেন, আর রোনাল্ডো চাইছেন শেষবারের মতো নিজের জাদু দেখাতে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?