বিশ্বকাপে ইতিহাসের দুয়ারে মেসি!
রেকর্ড ভাঙা যেন লিয়োনেল মেসির কাছে নতুন কিছু নয়। দীর্ঘ কেরিয়ারে একের পর এক নজির গড়েছেন আর্জেন্টিনার মহাতারকা। তবে বিশ্বকাপের মঞ্চে সোমবার রাতে এমন একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি, যা ছুঁতে পারলে ফুটবল ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে ফেলবেন মেসি।
আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই নিজের চেনা ছন্দে দেখা গিয়েছে লিয়োকে। দুরন্ত হ্যাটট্রিক করে শুধু দলকে জয় এনে দেননি, নিজের বিশ্বকাপ গোলের সংখ্যাও বাড়িয়ে নিয়েছেন। এ বার অস্ট্রিয়ার বিরুদ্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই তৈরি হবে নতুন ইতিহাস।
বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড এখন যৌথ ভাবে রয়েছে মেসি এবং জার্মানির প্রাক্তন তারকা মিরোস্লাভ ক্লোজ়ের দখলে। চারটি বিশ্বকাপে (২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪) মোট ১৬টি গোল করেছিলেন ক্লোজ়ে। এত দিন সেই নজিরই ছিল অক্ষত।
আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে মেসির বিশ্বকাপ গোল ছিল ১৩টি। কিন্তু সেই ম্যাচে তিন গোল করে তিনি পৌঁছে যান ১৬-তে। অর্থাৎ, ক্লোজ়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি গোল করলেই একক ভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক।
তবে শুধু রেকর্ড নয়, এই ম্যাচের গুরুত্ব আরও বেশি আর্জেন্টিনার জন্য। অস্ট্রিয়াকে হারাতে পারলে নকআউট পর্ব নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা। আর নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মরিয়া মেসিও চাইবেন বড় মুহূর্তে আবারও জ্বলে উঠতে।
আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোলের পর মেসির চোখে জল দেখা গিয়েছিল। পরে তিনি জানিয়েছিলেন, সেই আবেগের সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর বাবা অসুস্থ। সেই পরিস্থিতিতেও দলের সমর্থন এবং পাশে থাকার জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়েছিলেন মেসি।
এ বার সেই ভালোবাসার জবাব মাঠেই দিতে চান তিনি। শেষ বিশ্বকাপের মঞ্চে নিজের নামের পাশে আরও একটি ঐতিহাসিক অধ্যায় যোগ করার সুযোগ এসেছে। অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি গোল— আর তাতেই মেসি হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?