বিশ্বকাপ থেকে প্রথম বিদায় হাইতির!
২০২৬ ফুটবল বিশ্বকাপে শুরু হয়ে গেল বিদায়ের পালা। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই প্রথম দল হিসাবে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল হাইতি। শনিবার সকালে স্কটল্যান্ডের বিরুদ্ধে মরক্কোর জয়ের পর নিশ্চিত হয়ে যায়, শেষ ম্যাচ জিতলেও আর দ্বিতীয় রাউন্ডে ওঠার কোনও সুযোগ নেই হাইতির।
ব্রাজ়িলের বিরুদ্ধে ০-৩ গোলে হারার পরই কার্যত কঠিন হয়ে গিয়েছিল হাইতির পথ। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছেও ০-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। ফলে দু’টি ম্যাচ শেষে হাইতির ঝুলিতে কোনও পয়েন্ট নেই।
গ্রুপের শেষ ম্যাচে মরক্কোকে হারালেও সর্বোচ্চ ৩ পয়েন্টে পৌঁছতে পারত হাইতি। কিন্তু তাতেও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা তৈরি হত না। কারণ গ্রুপ ‘সি’-তে ইতিমধ্যেই ব্রাজ়িল ও মরক্কো ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
অন্য দিকে, স্কটল্যান্ডেরও রয়েছে ৩ পয়েন্ট। গোল পার্থক্যেও তারা হাইতির থেকে এগিয়ে রয়েছে। স্কটল্যান্ডের গোল পার্থক্য যেখানে ০, সেখানে হাইতির -৪। শুধু তাই নয়, মুখোমুখি লড়াইয়েও স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছে হাইতি। তাই বাকি ফলাফল তাদের পক্ষে গেলেও প্রথম তিন দলের মধ্যে জায়গা করে নেওয়া আর সম্ভব নয়।
২০২৬ বিশ্বকাপে নতুন ফরম্যাট অনুযায়ী দ্বিতীয় রাউন্ডে উঠবে মোট ৩২টি দল। ১২টি গ্রুপের শীর্ষ দুই দল ছাড়াও তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। কিন্তু সেই সমীকরণেও আর জায়গা নেই হাইতির জন্য।
ব্রাজ়িলের বিরুদ্ধে লড়াই করেও শেষরক্ষা হল না। ইতিহাসে প্রথম বার বিশ্বকাপের মঞ্চে নিজেদের ছাপ ফেলতে চাওয়া হাইতির অভিযান গ্রুপ পর্বেই থেমে গেল। এবার তাদের সামনে শুধু শেষ ম্যাচে সম্মানরক্ষার লড়াই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?