ক্যাটরিনাকে নিয়ে ভুয়ো জল্পনা?
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফকে ঘিরে সম্প্রতি নতুন জল্পনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছিল, মাতৃত্ব এবং পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি নাকি আবার অভিনয়ে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। এমনও শোনা যায় যে, নতুন ছবির চিত্রনাট্য পড়ছেন এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্যও বিভিন্ন প্রস্তাব খতিয়ে দেখছেন। তবে এই সমস্ত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল।
ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, অভিনেত্রীর অভিনয়ে ফেরার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তার কোনও সত্যতা নেই। সূত্রের বক্তব্য, ‘‘ক্যাটরিনার ভবিষ্যৎ কাজকর্ম নিয়ে যে সব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলি সম্পূর্ণ জল্পনার উপর ভিত্তি করে তৈরি। তথ্য যাচাই না করেই নানা দাবি করা হচ্ছে। বর্তমানে অভিনয়ে ফেরার বিষয়ে তিনি কোনও সিদ্ধান্ত নেননি।’’
উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকে নতুন কোনও সিনেমা বা সিরিজের ঘোষণা করেননি অভিনেত্রী। বরং ব্যক্তিগত জীবন, সন্তান এবং নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন।
কিছুদিন আগে বলিউডের একাধিক সূত্র দাবি করেছিল, ক্যাটরিনা নাকি আবার চিত্রনাট্য পড়তে শুরু করেছেন এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে ক্যামেরার সামনে ফিরতে চান। সেই সূত্রগুলির মতে, তিনি এমন কোনও প্রকল্প খুঁজছেন যা তাঁকে অভিনয়ের পাশাপাশি পরিবারকেও পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ করে দেবে। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রেও নাকি তাঁর আগ্রহ রয়েছে বলে দাবি করা হয়েছিল।
কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল স্পষ্ট জানিয়েছে, এই সমস্ত খবর বাস্তবের সঙ্গে মেলে না। বর্তমানে ক্যাটরিনা কোনও নতুন অভিনয়-প্রকল্প নিয়ে এগোচ্ছেন না বলেই তাঁদের দাবি। যদিও অভিনেত্রী নিজে বা তাঁর অফিসিয়াল টিম এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। রাজস্থানে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। এরপর ২০২৪ সাল থেকেই ক্যাটরিনার মাতৃত্ব নিয়ে নানা জল্পনা শুরু হয়। দীর্ঘ সময় তিনি লন্ডনে নিজের মায়ের কাছে ছিলেন এবং জনসমক্ষে খুব কম দেখা গিয়েছিল তাঁকে। সেই কারণেই নানা গুঞ্জনের জন্ম হয়।
অবশেষে গত বছরের নভেম্বরে ক্যাটরিনা ও ভিকির জীবনে আসে নতুন আনন্দ। তাঁদের কোলজুড়ে জন্ম নেয় পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে বিহান কৌশল। বর্তমানে পরিবার, মাতৃত্ব এবং নিজের ব্যবসাকে সময় দিচ্ছেন অভিনেত্রী। ফলে অভিনয়ে তাঁর প্রত্যাবর্তন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা আপাতত শুধুই জল্পনা বলেই মনে করছে তাঁর ঘনিষ্ঠ মহল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?