বিশ্বকাপের আগেই বিতর্ক! ফুটবলারদের দেহ তল্লাশি, কুকুর দিয়ে পরীক্ষা— আমেরিকার আচরণে ক্ষুব্ধ ফুটবল বিশ্ব

বিশ্বকাপের আগেই বিতর্ক!! বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে আয়োজক দেশ আমেরিকা। বিভিন্ন দেশের ফুটবলার ও কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রশাসনের আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছিল। এবার সেনেগাল এবং উজ়বেকিস্তান…

June 10, 2026
0 min read

বিশ্বকাপের আগেই বিতর্ক!!

বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে আয়োজক দেশ আমেরিকা। বিভিন্ন দেশের ফুটবলার ও কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রশাসনের আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছিল। এবার সেনেগাল এবং উজ়বেকিস্তান দলের ফুটবলারদের প্রকাশ্যে দেহ তল্লাশি এবং মাদক সন্ধানী কুকুর ব্যবহার করার ঘটনা সেই বিতর্ককে আরও উসকে দিল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, আমেরিকায় পৌঁছনোর পর সেনেগাল দলের ফুটবলারদের বিমানবন্দরের টারম্যাকেই নিরাপত্তা কর্মীরা তল্লাশি করছেন। শুধু খেলোয়াড়দেরই নয়, তাঁদের ব্যাগপত্রও খুলে বিস্তারিত পরীক্ষা করা হয়। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বিমানবন্দরের ভিতরে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি বলে অভিযোগ।

একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে উজ়বেকিস্তান দলও। নিউ ইয়র্কে অনুশীলন কেন্দ্রের পথে তাঁদের কড়া নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি মাদক শনাক্তকারী কুকুর দিয়েও ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনাগুলির ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবলপ্রেমীরা। তাঁদের একাংশের অভিযোগ, বিশ্বকাপে অংশ নিতে আসা আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত অসম্মানজনক। নিরাপত্তার প্রয়োজনীয়তা থাকলেও খেলোয়াড়দের যেন সন্দেহভাজন অপরাধীর মতো দেখা হচ্ছে বলেই মনে করছেন অনেকে।

এর আগে ইরাকের ফুটবলার আয়মেন হুসেনকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইরাক দলের এক চিত্রগ্রাহককেও ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। আরও বড় বিতর্ক তৈরি হয়, যখন বিশ্বকাপের জন্য নির্বাচিত এক আন্তর্জাতিক রেফারিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানোর অভিযোগ ওঠে। এসব ঘটনার জেরে মার্কিন অভিবাসন ও নিরাপত্তা নীতির সমালোচনা ক্রমশ বাড়ছে।

শুধু আমেরিকার প্রশাসনই নয়, সমালোচনার মুখে পড়েছে ফিফাও। অনেকের প্রশ্ন, এত অভিযোগ ও বিতর্কের পরও কেন নীরব বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা? আয়োজক দেশের আচরণ নিয়ে ফিফার স্পষ্ট অবস্থান না থাকায় ক্ষোভ আরও বাড়ছে।

বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যেখানে বিভিন্ন দেশের মানুষ, সংস্কৃতি এবং ক্রীড়াবিদরা একত্রিত হন। সেই উৎসবের আবহে যদি খেলোয়াড়দের বারবার অতিরিক্ত নজরদারি, জেরা বা তল্লাশির মুখে পড়তে হয়, তাহলে তা প্রতিযোগিতার ভাবমূর্তির উপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

এদিকে অনেক দেশের সাংবাদিক ও সমর্থকদের ভিসা নিয়েও জটিলতার অভিযোগ উঠেছে। কেউ কেউ সীমিত প্রবেশাধিকার পেয়েছেন, ফলে আমেরিকা ছেড়ে অন্য আয়োজক দেশে গেলে তাঁদের ফের প্রবেশে সমস্যা হতে পারে।

সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম বল গড়ানোর আগেই আয়োজক দেশের নীতি ও আচরণ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্নের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে ফিফা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর ফুটবল বিশ্বের।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *