চোট কাটিয়ে আইসল্যান্ড ম্যাচে ফিরছেন মেসি!
বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর এনে দিলেন কোচ লিয়োনেল স্কালোনি। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠে আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে চলেছেন অধিনায়ক লিয়োনেল মেসি। শুধু মেসিই নন, দলের আরও তিন ফুটবলারও পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।
গত ২৪ মে ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট পান মেসি। ম্যাচের মাত্র ১৮ মিনিটের মধ্যেই তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি থাকায় বিশ্বকাপের আগে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি কিংবা দলের চিকিৎসকরা। ফলে ৬ জুন হন্ডুরাসের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম প্রস্তুতি ম্যাচেও খেলেননি মেসি। সেই থেকেই সমর্থকদের মনে উদ্বেগ তৈরি হয়েছিল।
তবে সেই সব আশঙ্কা দূর করে স্কালোনি জানিয়েছেন, মেসি এখন অনেকটাই সুস্থ এবং আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে দেখা যাবে। যদিও ম্যাচের পুরো ৯০ মিনিট খেলানোর কোনও পরিকল্পনা নেই কোচের।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, “মেসি খেলবে। তবে ও কতক্ষণ মাঠে থাকবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। শেষ অনুশীলনের পরে ওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোনও ভাবেই ঝুঁকি নিতে চাই না। তবে এটুকু নিশ্চিত, ও মাঠে নামবে।”
বিশ্বকাপের আগে ফুটবলারদের ফিটনেস নিয়ে বিশেষ সতর্ক আর্জেন্টিনা শিবির। সেই কারণেই আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কোনও খেলোয়াড়কেই পুরো সময় খেলানোর পরিকল্পনা নেই। স্কালোনি জানিয়েছেন, প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় ভাগ করে রাখা হয়েছে যাতে কেউ অতিরিক্ত চাপের মধ্যে না পড়ে।
মেসির পাশাপাশি সুস্থ হয়ে ফিরেছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ়, ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মোলিনা। চোটের কারণে তারাও কিছু দিন মাঠের বাইরে ছিলেন। স্কালোনি জানিয়েছেন, এই তিন ফুটবলারকেও আইসল্যান্ডের বিরুদ্ধে খেলানো হবে, যাতে বিশ্বকাপ শুরুর আগে তাঁদের ম্যাচ ফিটনেস যাচাই করা যায়।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হওয়ায় আর্জেন্টিনার কাছে এই লড়াই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোচিং স্টাফ চাইছেন, মূল টুর্নামেন্ট শুরুর আগে দলের সব গুরুত্বপূর্ণ ফুটবলারকে ধীরে ধীরে ছন্দে ফিরিয়ে আনতে। আর সেই তালিকায় সবার আগে রয়েছেন মেসি।
ফলে আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুধু একটি প্রস্তুতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এক বড় সুখবরের উপলক্ষ। কারণ, তাঁদের অধিনায়ক সুস্থ হয়ে মাঠে ফিরছেন— আর সেটাই এখন সবচেয়ে বড় স্বস্তির বিষয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?