ফ্রিজে রাখলেই আম টাটকা থাকে? এই ভুলেই নষ্ট হচ্ছে স্বাদ, ঘ্রাণ আর নরম গঠন

ফ্রিজে রাখলেই আম টাটকা থাকে? গরম পড়তেই বাজার থেকে থলেভর্তি আম কিনে বাড়ি ফেরেন অনেকেই। কেউ ল্যাংড়া, কেউ হিমসাগর, আবার কারও পছন্দ ফজলি। কিন্তু বাড়ি ফিরেই বেশির ভাগ মানুষ একটি…

May 29, 2026
0 min read

ফ্রিজে রাখলেই আম টাটকা থাকে?

গরম পড়তেই বাজার থেকে থলেভর্তি আম কিনে বাড়ি ফেরেন অনেকেই। কেউ ল্যাংড়া, কেউ হিমসাগর, আবার কারও পছন্দ ফজলি। কিন্তু বাড়ি ফিরেই বেশির ভাগ মানুষ একটি সাধারণ ভুল করে বসেন— আম সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দেন। মনে হয়, এতে ফল বেশি দিন টাটকা থাকবে। অথচ বাস্তবে উল্টোটাই ঘটে। খুব তাড়াতাড়ি ফ্রিজে রাখলে আমের স্বাদ, ঘ্রাণ এবং নরম গঠন— সবই নষ্ট হতে পারে।

বিশেষ করে কাঁচা বা আধপাকা আম ফ্রিজে রাখা একেবারেই ঠিক নয়। আম এমন একটি ফল, যা স্বাভাবিক ঘরের তাপমাত্রায় ধীরে ধীরে পাকলে তার আসল মিষ্টি স্বাদ তৈরি হয়। ঠান্ডা পরিবেশে রাখলে সেই স্বাভাবিক পাক ধরার প্রক্রিয়া বাধা পায়। ফলে বাইরে থেকে হলুদ দেখালেও ভিতরে শক্ত, টক বা স্বাদহীন থেকে যেতে পারে আম।

অনেকেই হয়তো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন— দেখতে সুন্দর পাকা মনে হলেও কাটার পরে বোঝা গেল আম এখনও কাঁচা। এর পিছনে প্রধান কারণ, খুব তাড়াতাড়ি ফ্রিজে তুলে রাখা। ঠান্ডা পরিবেশে আমের ভিতরের রাসায়নিক পরিবর্তন ধীর হয়ে যায়। ফলে ফলের প্রাকৃতিক মিষ্টত্ব ও সুবাস ঠিক ভাবে তৈরি হতে পারে না।

শুধু স্বাদ নয়, গঠনেও প্রভাব পড়ে। একটি ভাল আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার নরম, মোলায়েম টেক্সচার। কিন্তু ভুল ভাবে সংরক্ষণ করলে সেই আমই দানাদার বা শক্ত হয়ে যেতে পারে। অর্থাৎ বাজার থেকে যত যত্ন করে ভাল আম বেছে আনলেন, ভুল সংরক্ষণের কারণে তার আসল আনন্দটাই মাটি হয়ে যেতে পারে।

তা হলে কী করবেন?

বাজার থেকে এনে আম প্রথমে ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই রাখুন। চাইলে খবরের কাগজে মুড়ে বা খোলা ঝুড়িতে রেখে দিতে পারেন। এতে আম ধীরে ধীরে সুন্দর ভাবে পাকবে। সরাসরি রোদে না রাখাই ভাল।

কখন বুঝবেন আম ফ্রিজে রাখার মতো হয়েছে? কয়েকটি লক্ষণ খেয়াল করুন—

  • আমে হালকা চাপ দিলে নরম লাগবে
  • ডাঁটির কাছে মিষ্টি গন্ধ পাওয়া যাবে
  • রং কিছুটা বদলে যাবে
  • ফলের গায়ে হালকা কোমল ভাব আসবে

এই অবস্থায় আম ফ্রিজে রাখা যেতে পারে। কারণ তখন বেশি সময় বাইরে রাখলে তা অতিরিক্ত পেকে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পুরোপুরি পাকা আম ফ্রিজে রাখলে সাধারণত কয়েক দিন ভাল থাকে এবং ঠান্ডা আম খেতেও বেশ আরাম লাগে।

তাই এ বার থেকে আম কিনে সরাসরি ফ্রিজে না তুলে একটু ধৈর্য ধরুন। সঠিক সময়ে সঠিক ভাবে রাখলেই মিলবে রসালো, সুগন্ধি আর আসল স্বাদের আম।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *