গুজরাতে ভয়াবহ নির্যাতনের ঘটনায় গ্রেফতার সাত জন!
গুজরাতের Gujarat থেকে উঠে এল এক শিউরে ওঠার মতো ঘটনা। স্ত্রীর সঙ্গে থাকতে চান না— এই কারণ দেখিয়ে তাঁকে ৫০ হাজার টাকার বিনিময়ে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই মহিলাকে আটকে রেখে গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগও সামনে এসেছে। ঘটনায় ইতিমধ্যেই স্বামী-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মে Palanpur থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেছিলেন অভিযুক্ত স্বামী। প্রথমে ঘটনাটিকে সাধারণ নিখোঁজ মামলা হিসেবেই তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু তদন্ত যত এগোয়, ততই সামনে আসে ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছবি।
তদন্তকারী আধিকারিকদের দাবি, স্ত্রীকে পছন্দ করতেন না ওই ব্যক্তি। তাই তাঁর থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করেন। অভিযোগ, সেই পরিকল্পনার অংশ হিসেবেই স্ত্রীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এতে যেমন মোটা টাকা পাওয়া যাবে, তেমনই স্ত্রীর দায়িত্ব থেকেও মুক্তি মিলবে— এমনটাই ভাবনা ছিল অভিযুক্তের।
পুলিশের জেরায় উঠে এসেছে, ঘুরতে যাওয়ার নাম করে স্ত্রীকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আগে থেকেই সেখানে উপস্থিত ছিল নারী পাচারচক্রের সদস্যরা। অভিযোগ, ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁদের হাতেই স্ত্রীকে তুলে দেন অভিযুক্ত স্বামী।
এর পর শুরু হয় মহিলার উপর ভয়াবহ অত্যাচার। তদন্তকারীদের দাবি, তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং একাধিক বার গণধর্ষণ করা হয়। ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে।
ঘটনার তদন্তে নেমে প্রথম থেকেই স্বামীর বয়ানে অসঙ্গতি খুঁজে পান পুলিশকর্মীরা। সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ধীরে ধীরে পুরো ঘটনার সত্য সামনে আসে। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর কয়েক জন বন্ধুকেও গ্রেফতার করা হয়।
পরে বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে পাচারকারীদের হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মানবপাচার, গণধর্ষণ, অপহরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা