বেহালায় ফিরল সৌরভ-ডোনার স্কুলবেলার প্রেম!!
কলকাতার বেহালায় যেন হঠাৎ ফিরে এল নব্বইয়ের দশক। স্কুল ড্রেস পরা এক কিশোর বারান্দার দিকে তাকিয়ে হাঁটছে, আর উল্টো দিকের বারান্দায় দাঁড়িয়ে দুই বিনুনির এক কিশোরী। চোখাচোখি হতেই থমকে যাচ্ছে সময়। বাস্তবে নয়, এই দৃশ্য ধরা পড়ছে ক্যামেরায়— শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়-এর জীবনীভিত্তিক ছবি ‘দাদা’-র শুটিং।
২৫ মে সকাল থেকেই বেহালার বীরেন রায় রোডে ব্যস্ততা তুঙ্গে। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী-র নেতৃত্বে চলছে শুটিংয়ের প্রস্তুতি। রাস্তা জুড়ে পুরনো কলকাতার আবহ ফিরিয়ে আনা হয়েছে। চায়ের দোকান, সবজির গাড়ি, পুরনো দিনের পোশাক— সব মিলিয়ে যেন সময় পিছিয়ে গিয়েছে।
সবচেয়ে আবেগপ্রবণ অবশ্য স্থানীয় বাসিন্দারাই। প্রতিবেশী মনমিতা মুখোপাধ্যায় দাবি করেছেন, তিনি নিজে ছিলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়-র স্কুলজীবনের প্রেমের সাক্ষী। তাঁর কথায়, “১৯৮৯ সালের সেই সময়টাকেই পরিচালক ফুটিয়ে তুলছেন। সৌরভ তখন একাদশ শ্রেণিতে, ডোনা নবমে পড়ত। বারান্দা থেকে এভাবেই একে অপরকে দেখত।”
মনমিতার আরও দাবি, তাঁর চিকিৎসক স্বামী নাকি এক সময় প্রেমপত্র পৌঁছে দেওয়ার কাজও করতেন! সেই স্মৃতি ফিরে আসতেই আবেগে ভেসে যাচ্ছেন পাড়ার মানুষ।
শুটিংয়ে নজর কেড়েছেন অপরাজিতা আঢ্য-ও। তিনি অভিনয় করছেন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে। লাল পাড় সাদা শাড়ি, লম্বা বিনুনি আর কপালে বড় টিপে একেবারে সেই সময়ের বাঙালি গৃহবধূর রূপে দেখা গেল তাঁকে। একটি দৃশ্যে ছেলেকে ধমক দিতে দেখা যায় অপরাজিতাকে— আর সেই দৃশ্য ঘিরেই জমে ওঠে শুটিং সেট।
ছবিতে আরও অভিনয় করছেন রাজকুমার রাও, যিনি সৌরভের ভূমিকায়। পাশাপাশি রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল দেব বসু এবং তান্যা মানিকতলা। যদিও তাঁদের অংশের শুটিং এখনও বাকি।
শুধু বেহালাই নয়, আগামী দিনে Eden Gardens-সহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় শুটিং হওয়ার কথা রয়েছে।
ক্রিকেট মাঠের বাইরের সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন, প্রেম, পরিবার আর সংগ্রামের গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘দাদা’। আর সেই গল্পের শুরুতেই যেন নস্ট্যালজিয়ায় ভাসছে গোটা শহর।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা