১১ বছরে সবচেয়ে খারাপ আইপিএল!
Jasprit Bumrah-এর মতো বোলারের ক্ষেত্রে এমন মরসুম প্রায় অকল্পনীয়। কিন্তু ২০২৬ আইপিএল তাঁর জন্য হয়ে রইল দুঃস্বপ্নের মতো। শুধু Mumbai Indians নয়, ব্যক্তিগত ভাবেও ভয়াবহ ব্যর্থতার সাক্ষী থাকলেন ভারতের তারকা পেসার।
১৩ ম্যাচ খেলে মাত্র ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। ১১ বছরের আইপিএল কেরিয়ারে এই প্রথম কোনও পূর্ণ মরসুমে তাঁর উইকেট সংখ্যা এক অঙ্কে থেমে গেল। এর আগে ২০১৫ সালে তিনি ৩ উইকেট নিয়েছিলেন ঠিকই, কিন্তু সে বার খেলেছিলেন মাত্র চারটি ম্যাচ। এ বার নিয়মিত খেলেও ছন্দ খুঁজে পাননি।
সবচেয়ে উদ্বেগের বিষয় তাঁর ইকোনমি রেট। এ মরসুমে ওভার প্রতি ৮.৩৬ রান দিয়েছেন তিনি, যা বুমরাহের মানদণ্ডে অত্যন্ত খারাপ। সাধারণত ব্যাটাররা তাঁর বিরুদ্ধে ঝুঁকি নিতে ভয় পান। কিন্তু এ বার সেই ভয় প্রায় দেখা যায়নি। পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার— কোথাও আগের সেই ধার দেখা যায়নি।
২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত ধারাবাহিক ভাবে দুই অঙ্কে উইকেট নিয়েছেন বুমরাহ। ওই সময় তাঁর উইকেট সংখ্যা ছিল যথাক্রমে ১৫, ২০, ১৭, ১৯, ২৭, ২১, ১৫, ২০ এবং ১৮। সেই তুলনায় এ বছরের পারফরম্যান্স কার্যত ধসের মতো।
মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ মরসুমের অন্যতম বড় কারণ হিসেবেও দেখা হচ্ছে বুমরাহের ফর্মহীনতাকে। দল প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে যায়। শেষ ম্যাচে তাঁকে খেলায়ওনি মুম্বই, যা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
আইপিএলে এখনও পর্যন্ত ১৫৮ ম্যাচে ১৮৭ উইকেট রয়েছে বুমরাহের। তাঁর সামগ্রিক ইকোনমি ৭.৩৩। তাই চলতি মরসুমের পরিসংখ্যান তাঁর মানের সঙ্গে একেবারেই যায় না। ক্রিকেটমহলের একাংশের মতে, অতিরিক্ত ক্রিকেট, চোটের ধকল এবং ফিটনেস সমস্যা— সব মিলিয়েই ছন্দ হারিয়েছেন তিনি।
তবে বুমরাহের মতো বোলারের ক্ষেত্রে একটা খারাপ মরসুমই শেষ কথা নয়। ভারতীয় দলের হয়ে অতীতে বহুবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তাই আগামী আন্তর্জাতিক মরসুমে আবারও পুরনো আগুনে বুমরাহকে দেখা যাবে কি না, এখন সেটাই দেখার।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা