প্রথম মরসুমেই ইতিহাস! আইএফএল জিতে আইএসএলে উঠল ডায়মন্ড হারবার

আইএফএল জিতে আইএসএলে উঠল ডায়মন্ড হারবার! ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার এফসি। ক্লাব গঠনের পর প্রথম বার ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। রবিবার…

May 18, 2026
1 min read

আইএফএল জিতে আইএসএলে উঠল ডায়মন্ড হারবার!

ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার এফসি। ক্লাব গঠনের পর প্রথম বার ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। রবিবার ডেম্পোর বিরুদ্ধে ১-১ ড্র করেই এক ম্যাচ বাকি থাকতে খেতাব নিশ্চিত করে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। এর ফলে আগামী মরসুমে আইএসএলে খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবারকে।

মারগাঁওয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য ভাল হয়নি ডায়মন্ড হারবারের। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫০ মিনিটে মার্কাস জোসেফের গোলে এগিয়ে যায় ডেম্পো। সেই সময় মনে হচ্ছিল, চ্যাম্পিয়ন হতে অপেক্ষা আরও বাড়তে পারে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়েনি বাংলার দল।

সংযুক্তি সময়ের প্রথম মিনিটে ত্রাতা হয়ে ওঠেন হুগো দিয়াজ়। তাঁর গোলে সমতা ফেরায় ডায়মন্ড হারবার। সেই এক পয়েন্টই যথেষ্ট ছিল লিগ জেতার জন্য। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বৃষ্টিভেজা মাঠে উচ্ছ্বাসে ফেটে পড়েন ফুটবলার ও সমর্থকেরা।

ভারতীয় ফুটবলে প্রথম মরসুমেই জাতীয় স্তরের লিগ জয়ের নজির খুব বেশি নেই। এর আগে ১৯৯৭ সালে জেসিটি এবং ২০১৩-১৪ মরসুমে বেঙ্গালুরু এফসি এই কৃতিত্ব অর্জন করেছিল। সেই তালিকায় এ বার নাম লেখাল ডায়মন্ড হারবারও।

মাত্র কয়েক বছরের মধ্যে একের পর এক ধাপ পেরিয়ে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পৌঁছে যাওয়া নিঃসন্দেহে বড় সাফল্য। আই লিগ ২ থেকে উঠে এসে প্রথম বছরেই আইএফএল জিতে নেওয়া সহজ কাজ নয়। সেই কঠিন কাজটাই করে দেখাল কিবু ভিকুনার দল।

ম্যাচের পর আবেগাপ্লুত শোনায় ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনাকে। তিনি বলেন, “অসাধারণ অনুভূতি। এখনও মনে আছে, পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে আমাদের প্রথম ম্যাচ। সেখান থেকে আজ ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরের ট্রফি জেতা সত্যিই অবিশ্বাস্য। আমরা ইতিহাস তৈরি করেছি।”

কিবু আরও বলেন, “এর আগে কোনও দল এত কম সময়ে এই জায়গায় পৌঁছতে পারেনি। ফুটবলারদের পরিশ্রম, ক্লাবের পরিকল্পনা এবং সমর্থকদের বিশ্বাস— সব কিছু মিলেই এই সাফল্য এসেছে।”

ডায়মন্ড হারবারের এই উত্থান এখন ভারতীয় ফুটবলের অন্যতম বড় আলোচনার বিষয়। নতুন ক্লাব হয়েও তারা যে ভাবে সংগঠিত ফুটবল খেলেছে, তা নজর কেড়েছে অনেকেরই। আগামী মরসুমে আইএসএলে তারা কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *