আইপিএলে বড় ধাক্কা!
আইপিএল চলাকালীনই বড়সড় পরিবর্তন ক্রিকেট দুনিয়ায়। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার বদলে গেল, আর সেই দায়িত্ব নিলেন অনাবাসী ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তল নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। প্রায় ১.৬৫ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৫,৬৬০ কোটি টাকার বিশাল অঙ্কে এই ফ্র্যাঞ্চাইজি কেনার চুক্তি সম্পন্ন হয়েছে বলে রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এই নতুন মালিকানা এককভাবে মিত্তল পরিবারের হাতে নেই। একটি যৌথ বিনিয়োগ গোষ্ঠীর মাধ্যমে রাজস্থান রয়্যালসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এই কনসোর্টিয়ামে রয়েছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার আদার পুনাওয়ালা এবং প্রাক্তন মালিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অংশীদার মনোজ বাদালে। নতুন কাঠামো অনুযায়ী, সবচেয়ে বড় অংশীদারিত্ব রয়েছে মিত্তল গোষ্ঠীর হাতে, প্রায় ৭৫ শতাংশ। পুনাওয়ালার রয়েছে ১৮ শতাংশ এবং বাকি ৭ শতাংশ অংশীদারিত্ব অন্যান্য অংশীদারদের সঙ্গে ভাগ করা হয়েছে।
দল পরিচালনার দায়িত্বে থাকবেন আদিত্য মিত্তল এবং ভানিশা মিত্তল ভাটিয়া। শুধু আইপিএল নয়, রাজস্থানের সঙ্গে যুক্ত অন্যান্য আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলিও—যেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোজ রয়্যালস এবং এসএ টি২০-র পার্ল রয়্যালস—এখন এই নতুন কনসোর্টিয়ামের অধীনেই থাকবে।
পুরনো মালিক গোষ্ঠীর মনোজ বাদালের ভূমিকা নিয়েও বিশেষ ঘোষণা করা হয়েছে। তাঁকে সরিয়ে দেওয়া হয়নি, বরং তিনি ভবিষ্যতে প্রাক্তন ও বর্তমান মালিকপক্ষের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেন বলে জানানো হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও আইপিএল সংক্রান্ত জ্ঞান নতুন ব্যবস্থাপনাকে সাহায্য করবে বলেই মনে করছে নতুন মালিকপক্ষ।
লক্ষ্মী মিত্তল নিজের বক্তব্যে জানান, ক্রিকেট তাঁর দীর্ঘদিনের ভালোবাসা। রাজস্থান তাঁর নিজের রাজ্যের সঙ্গে যুক্ত হওয়ায় এই ফ্র্যাঞ্চাইজি কেনার সিদ্ধান্ত তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, স্কুল জীবনে ক্রিকেট খেলা শুরু করার সময় থেকেই এই খেলাটির প্রতি তাঁর টান তৈরি হয়েছিল। রাজস্থান রয়্যালসের ইতিহাস, কিংবদন্তি খেলোয়াড়দের অবদান এবং সমর্থকদের আবেগ তাঁকে এই দলে বিনিয়োগ করতে অনুপ্রাণিত করেছে।
অন্যদিকে আদার পুনাওয়ালা জানিয়েছেন, এই বিনিয়োগে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। তাঁর মতে, রাজস্থান রয়্যালস আইপিএলের অন্যতম ঐতিহ্যবাহী দল এবং ভবিষ্যতে একে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য।
পুরনো মালিক মনোজ বাদালে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং নতুন মালিকপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা রাজস্থান রয়্যালসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এই বিশাল আর্থিক লেনদেন এবং মালিকানা পরিবর্তন আইপিএলের ইতিহাসে অন্যতম বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এখন নজর থাকবে, নতুন মালিকপক্ষের অধীনে রাজস্থান রয়্যালস মাঠে কী ধরনের পরিবর্তন আনে এবং দলের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?