বিশ্বকাপ বয়কট ‘বড় ভুল’!
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নাম শাকিব আল হাসান। অথচ দীর্ঘদিন ধরেই জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যাচ্ছে না। দেশের বাইরে থাকতে বাধ্য হওয়া, বিতর্ক আর অনিশ্চয়তার মাঝেও তাঁর আশা— আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচটা যেন দেশের মাটিতেই খেলতে পারেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে খোলাখুলি নিজের মত জানালেন শাকিব। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তকে তিনি সরাসরি “বড় ভুল” বলে মনে করছেন। ভারতের মাটিতে খেলার বিরোধিতা করে বাংলাদেশ সেই প্রতিযোগিতা বয়কট করেছিল, যার ফলে তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। শাকিবের মতে, ক্রিকেটপাগল একটি দেশের জন্য এমন সিদ্ধান্ত সমর্থকদের কাছে হতাশাজনকই। তাঁর কথায়, “বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশের না থাকা মানা যায় না। সমর্থকেরা সব সময়ই চান, দল খেলুক— লড়াই করুক।”
বর্তমানে পরিবার নিয়ে বিদেশে থাকছেন শাকিব। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে তিনি এখনও দেশে ফিরতে পারেননি। এই কঠিন সময়েও তাঁর নজর দেশের ক্রিকেটের দিকেই। নতুন সরকার আসার পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে পারে বলে আশাবাদী তিনি। বিশেষ করে ভারতের সঙ্গে সম্ভাব্য দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তাঁর বিশ্বাস, এই ধরনের সিরিজ় দুই দেশের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করবে এবং ক্রিকেটের পরিবেশও স্বাভাবিক হবে।
তবে ব্যক্তিগত দিক থেকে পরিস্থিতি সহজ নয়। শাকিবের বিরুদ্ধে দেশে আইনি জটিলতা রয়েছে, যার কারণে আপাতত ফেরা সম্ভব হচ্ছে না। যদিও শোনা যাচ্ছে, নতুন প্রশাসনের স্তরে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে। তাই ভবিষ্যৎ নিয়ে এখনও আশা ছাড়ছেন না তিনি। “সময় সব ঠিক করে দেয়”— এই বিশ্বাসেই এগোচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার।
বাংলাদেশের হয়ে দীর্ঘ কেরিয়ারে ৭১টি টেস্ট, ২৪৭টি একদিনের ম্যাচ এবং ১২৯টি টি-টোয়েন্টি খেলেছেন শাকিব। অসংখ্য ম্যাচে দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। তাই তাঁর ইচ্ছা, ক্রিকেটজীবনের শেষটা যেন নিজের দেশের দর্শকদের সামনে হয়— যেখানে তাঁর যাত্রা শুরু হয়েছিল।
এই মুহূর্তে তাঁর বড় ভরসা আর এক প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তামিম। দীর্ঘদিনের বন্ধু হিসেবে তাঁর উপর আস্থা রাখছেন শাকিব। তিনি মনে করেন, তামিমের পরিকল্পনা ও নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট আবার ঘুরে দাঁড়াতে পারে।
শাকিবের কথায়, “ওর অনেক পরিকল্পনা আছে। আশা করছি, ও স্থায়ীভাবে দায়িত্ব নিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে। সুদিন ফিরবে।”
সব মিলিয়ে, ব্যক্তিগত অনিশ্চয়তার মাঝেও দেশের ক্রিকেট নিয়ে আশাবাদ হারাননি শাকিব। তাঁর চোখে এখনও একটাই স্বপ্ন— মাঠে ফেরা, আর শেষবার দেশের জার্সিতে খেলতে নামা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?