শীতের শুষ্কতায় বিদায়, বাটিতে বাটিতে জেল্লা— গরম ৫ স্যুপে ত্বকের ভিতর-বাইরের যত্ন

শীতের শুষ্কতায় বিদায়! শীত এলেই ত্বক যেন একটু রুক্ষ, একটু ক্লান্ত। ঠান্ডা হাওয়া আর কম আর্দ্রতার জেরে মুখের জেল্লা ফিকে হয়ে যায়, চোখের চারপাশেও টানটান ভাব আসে। এই সময়ে শুধু…

January 10, 2026
1 min read

শীতের শুষ্কতায় বিদায়!

শীত এলেই ত্বক যেন একটু রুক্ষ, একটু ক্লান্ত। ঠান্ডা হাওয়া আর কম আর্দ্রতার জেরে মুখের জেল্লা ফিকে হয়ে যায়, চোখের চারপাশেও টানটান ভাব আসে। এই সময়ে শুধু ক্রিম বা লোশনেই ভরসা রাখলে চলবে না। ত্বকের আসল যত্ন শুরু হয় শরীরের ভিতর থেকে। পুষ্টিকর খাবার ঠিকমতো পৌঁছোলে তার ছাপ আপনাতেই পড়ে ত্বকে। শীতের দিনে সেই কাজটা সবচেয়ে আরাম করে করে দেয় এক বাটি গরম স্যুপ।

স্বাদও হবে, শরীর গরম থাকবে, আর সঙ্গে সঙ্গে ত্বক পাবে প্রয়োজনীয় পুষ্টি ও আর্দ্রতা। রইল এমন পাঁচটি সহজ ঘরোয়া স্যুপ, যেগুলি নিয়ম করে খেলে শীতেও ত্বকের জেল্লা ধরে রাখা যায়।

১. গাজর–আদার স্যুপ
গাজর মানেই বিটা-ক্যারোটিনের ভাণ্ডার, যা শরীরে গিয়ে ভিটামিন এ তৈরি করে। এই ভিটামিন ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ও মসৃণ রাখে। তার সঙ্গে আদা যোগ হলে পাওয়া যায় প্রদাহনাশী গুণ। শীতের ক্লান্ত ত্বককে সতেজ করতে এই স্যুপ দারুণ কাজের।

২. টম্যাটো–তুলসির স্যুপ
টম্যাটোয় থাকা লাইকোপিন ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তুলসি আবার প্রাকৃতিক অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদানে ভরপুর। এই দুইয়ের মেলবন্ধনে তৈরি স্যুপ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ছোটখাটো ব্রণ-সমস্যা কমাতে সহায়ক।

৩. পালং–ডালের স্যুপ
শীতের সুপারফুড বলা যায় পালং শাককে। আয়রন, ফোলেট আর ভিটামিন সি-তে ভরপুর এই শাক শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে, ফলে ত্বক থাকে টানটান। ডালের প্রোটিনের সঙ্গে পালং মিললে তৈরি হয় একেবারে পুষ্টিকর স্যুপ, যা শীতের ম্লান ভাব কাটাতে দারুণ।

৪. কুমড়োর স্যুপ
কুমড়োতে রয়েছে ভিটামিন এ ও সি— দু’টিই ত্বকের জন্য ভীষণ জরুরি। শীতের দিনে এই স্যুপ ত্বকের শুষ্কতা কমিয়ে ভিতর থেকে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। পেট ভরবে, ত্বকও হাসবে।

৫. রাঙা আলু–নারকেলের স্যুপ
রাঙা আলুতে থাকা বিটা-ক্যারোটিন আর নারকেলের স্বাস্থ্যকর ফ্যাট একসঙ্গে ত্বকের শুষ্কতা দূর করে। এই স্যুপ নিয়মিত খেলে ত্বক নরম থাকে, রুক্ষভাব কমে এবং প্রাকৃতিক জেল্লা ফিরে আসে।

শীত মানেই ত্বকের সমস্যা— এই ধারণা ভাঙার সময় এসেছে। দিনে এক বাটি গরম, ঘরে বানানো স্যুপ শুধু শরীর নয়, ত্বককেও ভিতর থেকে ভাল রাখবে।

ভিন্‌রাজ্যের ভোটারদের স্বস্তি: শুনানিতে হাজিরা নয়, অনলাইনেই জমা দেওয়া যাবে নথি

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *