সহজ রুটিনেই ত্বক ঝকঝকে রাখেন মানুষী ছিল্লর!
ঐশ্বর্য রাই বচ্চন ও প্রিয়ঙ্কা চোপড়ার পর তিনিই শেষ ভারতীয় ‘মিস ওয়ার্ল্ড’। তবে খেতাব জয়ের আট বছর পর আজ Manushi Chhillar শুধু সৌন্দর্য প্রতিযোগিতার স্মৃতিতে আটকে নেই। বলিউডে নিজের জায়গা পাকা করার পাশাপাশি এখন তিনি নিয়মিত ভিডিও ব্লগিংয়ের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁর ফ্যাশন, জীবনযাপন ও রূপচর্চার নানা টুকিটাকি। সম্প্রতি এমনই এক ভ্লগে মানুষী খোলাখুলি জানালেন— দাগমুক্ত, উজ্জ্বল আর মসৃণ ত্বক ধরে রাখতে তিনি আদতে কী করেন। অবাক করার বিষয়, তাঁর রুটিনে নেই দামি প্রসাধনীর ছড়াছড়ি; বরং রয়েছে কিছু খুব সাধারণ অভ্যাস।
সকালের শুরু শুধুই জল দিয়ে
ঘুম থেকে উঠেই ফেসওয়াশ বা কেমিক্যাল-ভরা কোনও প্রসাধনী ব্যবহার করেন না মানুষী। তাঁর যুক্তি, রাতে ঘুমের সময় ত্বক নিজে থেকেই প্রাকৃতিক তেল নিঃসরণ করে, যা ত্বককে নরম রাখে। অতিরিক্ত ক্লিনজ়ার সেই প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে দিতে পারে। তাই সকালে তিনি কেবল বিশুদ্ধ জল দিয়ে মুখ ধুয়ে আলতো করে তোয়ালে দিয়ে মুছে নেন।
মধুই তাঁর ফেভারিট মাস্ক
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মানুষীর ভরসা খাঁটি মধু। কোনও মিশ্রণ নয়— শুধু পাতলা করে মধু মুখে মাখেন। কয়েক মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলেন। তাঁর মতে, মধু ত্বককে স্বাভাবিক ভাবে ময়েশ্চারাইজ়ড রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়।
গ্লিসারিনে লক করেন আর্দ্রতা
মধুর মাস্কের পর তিনি ব্যবহার করেন বিশেষ ধরনের ওজ়োনেটেড গ্লিসারিন। সাধারণ গ্লিসারিনের তুলনায় এতে জীবাণুনাশক ও স্কিন-রিপেয়ার উপাদান বেশি থাকে। মানুষীর দাবি, ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রেও এটি ভাল কাজ করে এবং ত্বকের শুষ্কতা দূরে রাখে।
ভিতর থেকেও ত্বকের যত্ন
ত্বকের যত্ন শুধু বাইরে মাখামাখিতে সীমাবদ্ধ নয়— এ কথা বিশ্বাস করেন মানুষী। তাই তিনি নিয়মিত পান করেন হাইড্রোজেনেটেড ওয়াটার। এই বিশেষ ধরনের জল শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বককে ভেতর থেকে সতেজ রাখে বলে তাঁর ধারণা।
জিম আর ঘরোয়া খাবার
এর পর তাঁর দিন শুরু হয় জিম দিয়ে। তবে ব্যায়ামের আগে কোনও ফ্যান্সি ডায়েট নয়— অল্প ভাত, ডাল আর সামান্য ঘি। মানুষীর মতে, ‘ক্লিন ইটিং’ মানে দামি খাবার নয়; বরং ভেজালমুক্ত, ঘরোয়া খাবারই ত্বক ও শরীরের জন্য সবচেয়ে ভাল।
বাইরে বেরোনোর আগে শেষ ধাপ
জিম থেকে ফিরে কাজে বেরোনোর আগে তিনি হালকা ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করেন। তার পর ময়েশ্চারাইজ়ার, আই ক্রিম এবং অবশ্যই সানস্ক্রিন। প্রয়োজন অনুযায়ী মেকআপ— কিন্তু তার আগে ত্বকের সুরক্ষাই অগ্রাধিকার।
সব মিলিয়ে মানুষীর রুটিনে জাঁকজমক নেই, আছে ধারাবাহিকতা আর সহজ অভ্যাস। তাঁর কথায়, “ত্বকের যত্ন মানে সব সময় দামি কিছু নয়— নিয়ম আর সংযমই আসল।”