ক্রিকেট থেকে ‘৬৭’—২০২৫ সালে গুগ্‌লের কাছে ভারত কী কী জানতে চাইল

ক্রিকেট থেকে ‘৬৭’! আর ক’টা দিন পরেই বিদায় নেবে ২০২৫। ঘটনাবহুল এই বছরে কখনও যুদ্ধের উত্তাপ, কখনও ক্রিকেটের উন্মাদনা, আবার কখনও অদ্ভুত সব ইন্টারনেট ট্রেন্ড—সব কিছুর উত্তর খুঁজতে ভারতীয়েরা ভরসা…

December 27, 2025
1 min read

ক্রিকেট থেকে ‘৬৭’!

আর ক’টা দিন পরেই বিদায় নেবে ২০২৫। ঘটনাবহুল এই বছরে কখনও যুদ্ধের উত্তাপ, কখনও ক্রিকেটের উন্মাদনা, আবার কখনও অদ্ভুত সব ইন্টারনেট ট্রেন্ড—সব কিছুর উত্তর খুঁজতে ভারতীয়েরা ভরসা রেখেছেন আন্তর্জালের ‘সিধুজ্যাঠা’ Google-এর উপরই। বছর শেষে সেই কৌতূহলেরই ছবি তুলে ধরেছে গুগ্‌লের ‘ইয়ার ইন সার্চ’ তালিকা। সেখানে ধরা পড়েছে, ২০২৫ সালে ভারত ঠিক কোন কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভাবল, খুঁজল আর আলোচনা করল।

তালিকার একেবারে শীর্ষে—ক্রিকেট। অবাক হওয়ার কিছু নেই। ২০২৫ সালে ভারতীয়দের সবচেয়ে বেশি সার্চ করা শব্দ ছিল আইপিএল। আইপিএল ২০২৫ নিয়ে উত্তেজনা, ম্যাচের ফল, খেলোয়াড়দের পারফরম্যান্স—সব মিলিয়ে ক্রিকেটই ছিল অনুসন্ধানের রাজা। এর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও জায়গা করে নিয়েছে শীর্ষ পাঁচে।

ক্রিকেটের পরেই উঠে এসেছে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গুগ্‌লের নিজস্ব এআই অ্যাপ ‘জেমিনাই’ ছিল দ্বিতীয় সর্বাধিক সার্চ করা বিষয়। শুধু তা-ই নয়, চ্যাটজিপিটি, ডিপসিক, পারপ্লেক্সিটির মতো এআই টুল নিয়েও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। এর সঙ্গে জুড়েছিল মজার সব ট্রেন্ড—জেমিনাই শাড়ি, থ্রিডি ফিগার, ন্যানো ব্যানানা ইমেজ—যা সমাজমাধ্যমে কার্যত ঝড় তুলেছিল।

ভূ-রাজনৈতিক অস্থিরতাও সার্চ ট্রেন্ডে বড় জায়গা নিয়েছে। ‘সিজ়ফায়ার’, ‘মক ড্রিল’, ‘স্ট্যাম্পেড’—এই শব্দগুলো বারবার খুঁজেছেন ভারতীয়েরা। বিশেষ করে পহেলগাঁও জঙ্গি হামলা এবং তার পরবর্তী সামরিক অভিযানের সময়ে ‘অপারেশন সিঁদুর’ ছিল সবচেয়ে আলোচিত সার্চগুলির একটি। লাইভ আপডেট থেকে সরকারি বিবৃতি—সব কিছু জানতেই মানুষ গুগ্‌লের দ্বারস্থ হয়েছেন।

বিনোদনের দুনিয়াতেও কম চমক ছিল না। নতুন ছবি ‘সইয়ারা’ এবং তার নায়ক-নায়িকা অহান পাণ্ডে ও অনীত পড্ডা সার্চ তালিকায় দারুণ জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে কোরিয়ান ড্রামা ‘স্কুইড গেম ২’ ভারতীয় দর্শকের কৌতূহলকে ছাপিয়ে গিয়েছে দেশীয় বহু কনটেন্টকে। দক্ষিণী ছবির প্রভাবও ছিল স্পষ্ট।

ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা নামগুলোর শীর্ষে উঠে এসেছেন ১৪ বছরের ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী। আইপিএলে তাঁর অভিষেক এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ের পারফরম্যান্স তাঁকে সার্চ ট্রেন্ডে পৌঁছে দেয় বিরাট কোহলিরও ওপরে। পাশাপাশি মহিলা বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল, স্মৃতি মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ়ের নামও উঠে এসেছে আলোচনায়।

মহাকাশ থেকে মহাকুম্ভ—কৌতূহলের পরিধি ছিল বিস্তৃত। সুনিতা উইলিয়ামসের বিলম্বিত মহাকাশ অভিযান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই প্রয়াগের মহাকুম্ভ ছিল ২০২৫-এর সবচেয়ে বেশি সার্চ করা ভ্রমণ গন্তব্য।

আর সব কিছুর শেষে, একটু মজার ছোঁয়া—ইন্টারনেটের অদ্ভুত ট্রেন্ড ‘৬৭’ মিম। কোনও নির্দিষ্ট অর্থ না থাকলেও এই সংখ্যা জেন জ়ির কাছে হয়ে উঠেছিল বছরের সবচেয়ে প্রিয় মিম। কারণ একটাই—ইন্টারনেটে সব কিছুর মানে থাকতে নেই, মজাটাই শেষ কথা।

সব মিলিয়ে, ২০২৫ সালের সার্চ ট্রেন্ড দেখলে স্পষ্ট—ভারতীয়দের কৌতূহল যেমন গভীর, তেমনই রঙিন। যুদ্ধ, খেলা, প্রযুক্তি আর নিছক হাসিঠাট্টা—সব কিছুর উত্তর খোঁজার জায়গা একটাই, গুগ্‌ল।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *