ইউএস ওপেনে দাপটের জয় সিনার-শিয়নটেকের!
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দাপট দেখালেন জানিক সিনার এবং ইগা শিয়নটেক। পুরুষ সিঙ্গলসে শীর্ষ বাছাই সিনার এবং মহিলা সিঙ্গলসের দ্বিতীয় বাছাই শিয়নটেক দু’জনেই সরাসরি সেটে জয় পেয়ে অনায়াসে পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে।
পুরুষদের সিঙ্গলসে চেক প্রজাতন্ত্রের অবাছাই প্রতিদ্বন্দ্বী ভিট কপরিভাকে কার্যত কোনও সুযোগই দেননি সিনার। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাঁর হাতেই। প্রথম সেট থেকেই দারুণ ফর্মে ছিলেন ইতালির এই তারকা। শেষ পর্যন্ত সিনার জয় ছিনিয়ে নেন ৬-১, ৬-১, ৬-২ গেমে। তার সঙ্গে সঙ্গে তাঁর আত্মবিশ্বাসও স্পষ্ট হয়ে যায়, যা তাঁকে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন টেনিস বিশেষজ্ঞরা।
মহিলা সিঙ্গলসে একই দৃশ্যপট তৈরি করলেন ছ’বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়নটেক। উইম্বলডনের সাফল্যের ধারা বজায় রেখে শক্তিশালী সূচনা করলেন পোল্যান্ডের এই তারকা। প্রথম সেটে তিনটি ডাবল ফল্ট করলেও তাঁর প্রতিপক্ষ, কলম্বিয়ার এমিলিয়ানা অ্যারাঙ্গো, সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। শিয়নটেকের ধারালো সার্ভিস এবং আক্রমণাত্মক খেলার সামনে বিশ্বের ৮০ নম্বর খেলোয়াড় যেন সম্পূর্ণ অসহায়। পুরো ম্যাচে অ্যারাঙ্গো একটি ব্রেক পয়েন্টও আদায় করতে পারেননি। প্রথম সেটে নিজের প্রথম সার্ভিস গেম ছাড়া কোনও গেম জিততে না পারা অ্যারাঙ্গো দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও শিয়নটেকের জন্য সেটা যথেষ্ট ছিল না। মাত্র এক ঘণ্টাতেই ম্যাচ জিতে ৬-১, ৬-২ ব্যবধানে দ্বিতীয় রাউন্ডে জায়গা পাকা করেন তিনি।
এদিনই মহিলা সিঙ্গলসে ২৭তম বাছাই ইউক্রেনের মার্টা কোসট্যুকও জয়ের মুখ দেখেন। তিনি সরাসরি সেটে ৬-৪, ৬-৪ ব্যবধানে হারান ব্রিটেনের কেটি বুলটারকে। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ১০তম বাছাই ইতালির লোরেনজো মুসেত্তিকে কিছুটা বেশি ঘাম ঝরাতে হয়। ফ্রান্সের অবাছাই খেলোয়াড় জিয়োভান্নি পেরিকার্ডের বিরুদ্ধে চার সেটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন তিনি ৬-৭ (৩-৭), ৬-৩, ৬-৪, ৬-৪ ব্যবধানে। ম্যাচটি শেষ করতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা।
মোটের উপর ইউএস ওপেনের প্রথম দিনেই বড় তারকাদের দাপট চোখে পড়ল। সিনার ও শিয়নটেক যেভাবে শুরু করেছেন, তা তাঁদের প্রতিযোগিতার ফেভারিটের আসনে আরও দৃঢ়ভাবে বসিয়েছে। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ড থেকেই চমকপ্রদ পারফরম্যান্স টেনিসপ্রেমীদের জন্য দারুণ প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।
দক্ষিণী স্বাদের অনন্য ভর্তা: এল্লু থুভৈয়াল, গরম ভাতে ঘি মেখে খেতে একেবারে স্বর্গীয়