২০২৭ বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিতই?
রোহিত শর্মা কি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবেন? এই প্রশ্ন এখন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে। কারণ, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা।
সম্প্রতি ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সাদা বলের সিরিজ়ের সূচি ও প্রোমোশন নিয়ে একটি পোস্ট করে আইসিসি। সেখানে দেখা যায়, ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুকের ছবি দেওয়া হয়েছে এবং ভারতের অধিনায়ক হিসেবে দেখানো হয়েছে রোহিত শর্মাকে। এখানেই চমক! কারণ, টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত। কিছু মাস আগে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন তিনি। তাহলে কি এবারও এক দিনের ক্রিকেটে অধিনায়কত্ব বহাল থাকবে তাঁর হাতে?
যদি ২০২৬ সালের জুলাই মাসেও রোহিত অধিনায়কত্ব করেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—তিনিই কি ২০২৭ বিশ্বকাপে দলের নেতা হবেন? সাধারণত বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে নতুন অধিনায়ককে দায়িত্ব দেওয়ার জন্য অন্তত ১.৫-২ বছরের প্রস্তুতি সময় দেওয়া হয়। সেক্ষেত্রে যদি রোহিতই ২০২৬ সালে নেতৃত্বে থাকেন, তাহলে বিশ্বকাপে তাঁকেই নেতৃত্বে দেখা যেতে পারে।
যদিও এই পোস্ট পরে মুছে ফেলে আইসিসি। ঠিক কী কারণে পোস্টটি সরানো হল, সে বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু ততক্ষণে রোহিতকে ঘিরে জল্পনার আগুন ছড়িয়ে পড়েছে।
এই প্রসঙ্গে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছিলেন, “আমরা এখনই ২০২৭ বিশ্বকাপ নিয়ে ভাবছি না। সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেটা নিয়েই এখন ফোকাস।” পাশাপাশি তিনি জোর দিয়েছিলেন এক গুরুত্বপূর্ণ কথায়—”ফর্মে থাকলে বয়স কোনও বাধা নয়। কেউ ভাল খেললে, বয়স শুধুই একটা সংখ্যা।”
এই বক্তব্য রোহিতের পক্ষে যেতে পারে বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। কারণ, রোহিত এখনও ফর্মে রয়েছেন, দলের মধ্যে তাঁর প্রভাব ও নেতৃত্বও প্রশ্নাতীত।
বর্তমানে ভারতের তিন ফরম্যাটে তিন জন ভিন্ন অধিনায়ক রয়েছেন। টেস্টে নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল, যিনি ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে ২-২ সিরিজ় ড্র করিয়েছেন। টি-টোয়েন্টিতে নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব, যিনি নিজের জায়গা বেশ পাকাপোক্ত করে ফেলেছেন।
তবে এক দিনের ক্রিকেটে রোহিত এখনও অধিনায়ক হিসেবেই রয়েছেন। এখন দেখার, আগামী সিরিজগুলোয় তাঁর ভূমিকায় কোনও বদল আসে কিনা, না কি শেষ বার আরও একবার বিশ্বকাপের দায়িত্ব তুলে দেওয়া হয় সেই পুরনো অভিজ্ঞ হাতেই।
যা-ই হোক, আপাতত রোহিতের ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে জল্পনা বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই। ক্রিকেটমহলের চোখ এখন শুধু আইসিসি আর বিসিসিআই-এর পরবর্তী ঘোষণার দিকে।