পুরীর রথযাত্রায় হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৩ জনের—আহত বহু, নিরাপত্তা ঘিরে প্রশ্ন

পুরীর রথযাত্রায় হুড়োহুড়ি! রথযাত্রার উন্মাদনা ম্লান হয়ে গেল এক মর্মান্তিক ঘটনায়। ভক্তদের স্রোত, উন্মাদনার আবহ, আর তারই ফাঁকে রবিবার ভোরে ওড়িশার পুরীতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গুণ্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট…

June 29, 2025
1 min read

পুরীর রথযাত্রায় হুড়োহুড়ি!

রথযাত্রার উন্মাদনা ম্লান হয়ে গেল এক মর্মান্তিক ঘটনায়। ভক্তদের স্রোত, উন্মাদনার আবহ, আর তারই ফাঁকে রবিবার ভোরে ওড়িশার পুরীতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গুণ্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। আহত হয়েছেন আরও অনেকে। রথযাত্রাকে কেন্দ্র করে প্রশাসনের বিপুল প্রস্তুতির মাঝেও কীভাবে এমন ঘটনা ঘটল, উঠছে সেই প্রশ্ন।

প্রতি বছরের মতোই এবারে পুরীর জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত তিন কিলোমিটারের রথযাত্রা আয়োজিত হয়। শুক্রবার রথযাত্রার সূচনা হলেও, তিনটি রথ—নন্দীঘোষ (জগন্নাথ), তালধ্বজ (বলভদ্র) এবং দর্পদলন (সুভদ্রা)—গন্তব্যে পৌঁছাতে পারেনি সেদিনই। শনিবার ভোরে গিয়ে রথ পৌঁছয় গুণ্ডিচা মন্দিরে। কিন্তু রাতভর রথ ঘিরে ভক্তদের জমায়েত এমন জায়গায় পৌঁছয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ-প্রশাসনের তরফে ভক্তদের রথ থেকে দূরে থাকার বারংবার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু বহু ভক্ত সেই নিষেধ অমান্য করে রথ ছোঁয়ার উদ্দ্যেশ্যে মন্দিরের প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন। সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। বিশৃঙ্খল ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে প্রাণ হারান তিনজন। তাঁদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান। তৃতীয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি।

একের পর এক রথ আটকে যাওয়ায় দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হয় হাজার হাজার মানুষকে। সেই চাপ সামলাতে না পেরে সৃষ্টি হয় ধাক্কাধাক্কি, যার পরিণতিই এই হৃদয়বিদারক দুর্ঘটনা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, পুরীর রথযাত্রা ওড়িশার সবচেয়ে বড় উৎসবগুলির একটি। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই যাত্রায় অংশ নিতে আসেন। প্রতিবছরই নিরাপত্তার দিকটি প্রশাসনের অগ্রাধিকার থাকে। তবে এবার সেই ব্যবস্থার ঘাটতি নিয়েই উঠছে অভিযোগ। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারি যথেষ্ট ছিল কি না, নাকি প্রস্তুতির ঘাটতি ছিল বিপদের মূল?

এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

ভক্তিভরা উৎসবের এমন করুণ পরিণতি রাজ্যজুড়ে তৈরি করেছে শোকের আবহ। রথযাত্রার আনন্দ যে মুহূর্তে বিষাদের রূপ নিল, তা হয়তো দীর্ঘদিন মনে রাখবে ওড়িশা।

উইম্বলডনে হ্যাটট্রিকের লক্ষ্যে আলকারাজ়, জোকোভিচের প্রতিপক্ষ মুলার, তাপপ্রবাহে চিন্তায় আয়োজকরা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *