‘বিয়ে করলেই খুন করব’, প্রেমিককে বাঁচাতে ভয়ঙ্কর ছক সোনমের? আট দিনের হেফাজতে শুরু জেরা

প্রেমিককে বাঁচাতে ভয়ঙ্কর ছক সোনমের? সদ্য বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েছিলেন রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। কিন্তু সেই সফরই পরিণত হয় মৃত্যুমিছিলে। মেঘালয়ের এক ঝর্নার ধারে মিলেছিল রাজার রক্তাক্ত দেহ। আর…

June 12, 2025
1 min read

প্রেমিককে বাঁচাতে ভয়ঙ্কর ছক সোনমের?

সদ্য বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েছিলেন রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। কিন্তু সেই সফরই পরিণত হয় মৃত্যুমিছিলে। মেঘালয়ের এক ঝর্নার ধারে মিলেছিল রাজার রক্তাক্ত দেহ। আর ঘটনার পাঁচ দিন পর, গাজ়িপুরে আত্মসমর্পণ করে চমকে দেন স্ত্রী সোনম। বুধবার তাঁকে শিলঙ আদালতে হাজির করে মেঘালয় পুলিশ। ১০ দিনের বদলে আপাতত আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। রাজাকে নাকি বিয়েই করতে চাইতেন না সোনম। তাঁর প্রেমিক ছিলেন রাজ কুশওয়াহা, যাঁর সঙ্গে সম্পর্কের কথা জানতেন সোনমের মা। অভিযোগ, মা জোর করে বিয়ের কথা বললে, তখনই সোনম তাঁকে হুঁশিয়ারি দেন— “বিয়ে দিলে আমি কী করতে পারি, তা দেখো।” এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাজার ভাই বিপিন রঘুবংশী।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের আগেই সাজানো ছিল হত্যার ছক। প্রেমিক রাজ এবং তাঁর তিন বন্ধুকে ভাড়া করেছিলেন সোনম। চুক্তির মূল্য— ২০ লক্ষ টাকা। পরিকল্পনা ছিল, মধুচন্দ্রিমার অজুহাতে রাজাকে নিয়ে যাওয়া হবে মেঘালয়ের দুর্গম এলাকায়। সেখানেই সুযোগ বুঝে হবে খুন।

২৩ মে ভোরে সোনম-রাজা ও অভিযুক্ত তিনজন হোটেল ছাড়েন। ট্রেকিংয়ের ছলে তাঁদের নিয়ে যাওয়া হয় ঝর্ণার ধারে। দুপুর নাগাদ অভিযুক্ত বিশাল, রাজার মাথায় পিছন থেকে কাটারি দিয়ে আঘাত করেন। রাজা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন। পরে তাঁর দেহ খাদে ফেলে দেওয়া হয়। এরপর রাজার ফোন থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম— “সাত জন্মের সাথী”।

তদন্তকারীরা জানাচ্ছেন, এই খুন পরিকল্পনায় ছিল আরও একটি ‘প্ল্যান বি’। যদি ভাড়াটে খুনিরা ব্যর্থ হন, তবে নিজেই সেলফির অজুহাতে রাজাকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিতেন সোনম।

খুনের পরে সোনম একাধিক রাজ্যে পালিয়ে যান— মেঘালয় থেকে গুয়াহাটি, সেখান থেকে ইনদওর, তারপর গাজ়িপুরে গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশের কাছে কাঁদতে কাঁদতে দাবি করেন, দুষ্কৃতীদের হাতেই স্বামীর মৃত্যু, তাঁকে রক্ষা করতে গিয়েই নাকি খুন হন রাজা।

তবে তদন্তে মিলেছে সম্পূর্ণ উল্টো তথ্য। ধাবার মালিক জানিয়েছেন, সোনম আতঙ্কে ছিলেন না বরং গল্প সাজাচ্ছিলেন। প্রেমিক রাজ, যে এক সময় তাঁদের কারখানায় কর্মী ছিলেন, এমন পরিকল্পনায় শামিল কেন— সেটাও খতিয়ে দেখছে পুলিশ। টাকার লোভে নাকি প্রেমের ফাঁদে পড়ে, সে প্রশ্নের উত্তর এখনও অধরা।

মেঘালয় পুলিশ জানাচ্ছে, সোনম ও অন্যদের জিজ্ঞাসাবাদ বৃহস্পতিবার থেকে পুরোদমে শুরু হবে। তদন্তকারীদের মতে, সোনম এই খুনের মূল চক্রী হতে পারেন— এমন সম্ভাবনা অত্যন্ত জোরালো।

চল্লিশের পর ফিটনেস মানে শুধু ঘাম নয়, সচেতনতা! লিসা রে জানালেন কোন ব্যায়াম থেকে দূরে থাকবেন

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *